সায়নী ঘোষ বলেন, 'আজ থেকে ঠিক একবছর আগে আরজি করের মতো একটা নৃশংস ঘটনা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষের মানুষকে ব্যথিত করেছিল। সবার মনে একটা গভীর ছাপ ফেলেছিল।
.jpg.webp)
গ্রাফিক্স- দ্য ওয়াল
শেষ আপডেট: 10 August 2025 00:43
দ্য ওয়াল ব্যুরো: আরজি করকাণ্ডের (RG Kar Case) একবছর পূর্তির দিনেই অপরাজিতা বিল নিয়ে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূলের সাংসদ সায়নী ঘোষ। তিনি বলেন, 'অপরাজিতা বিল' (Aparajita Bill) ফেরত দিয়ে বিজেপি প্রমাণ করে দিয়েছে, বেটি বাঁচাও, বেটি পড়াও, তাঁদের কাছে কেবল লরি ট্রাকের পিছনে লেখা একটি স্লোগান।'
এদিন এক ভিডিও বার্তায় সায়নী ঘোষ বলেন, 'আজ থেকে ঠিক একবছর আগে আরজি করের মতো একটা নৃশংস ঘটনা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষের মানুষকে ব্যথিত করেছিল। সবার মনে একটা গভীর ছাপ ফেলেছিল। আমাদের দল, সরকার, মাননীয়া মুখ্যমন্ত্রীর, নির্যাতিতার পরিবারের প্রতি সবার সমবেদনা অটুট।'
আরজি করকাণ্ডের পরই ধর্ষণের মতো অপরাধ রুখতে 'অপরাজিতা বিল' নিয়ে এসেছিল রাজ্য। বিধানসভায় তা সর্বসম্মতিক্রমে পাশ হয়। কিন্তু কেন্দ্রের তরফে এখনও অনুমোদন মেলেনি। এই নিয়ে যাদবপুরের সাংসদ অভিযোগ করেন, 'অযৌক্তিক এবং তুচ্ছ কিছু কারণ দেখিয়ে বিলটিকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়।'
তিনি আরও বলেন, 'আমরা চেয়েছিলাম, এই বিলটির মাধ্যমে ধর্ষকের কঠোরতম শাস্তি হোক। নিরপেক্ষ তদন্ত হোক। বিচারপ্রক্রিয়াকে আরও দ্রুতগতির করতে। কিন্তু বিজেপি এই বিল ফেরত পাঠিয়ে প্রমাণ করে দিয়েছে তাদের কাছে 'বেটি বাঁচাও বেটি পড়াও' কেবল ট্রাক বা লরির পিছনে লেখা একটি স্লোগান মাত্র।'
নরেন্দ্র মোদীকেও নিশানায় আনেন সায়নী ঘোষ। বলেন, 'প্রধানমন্ত্রী এবং তাঁর ছোট ছোট চৌকিদাররা বিচার চান না। তাঁরা নাটক চায়। 'অপরাজিতা বিলের' মতো একটি দৃষ্টান্তমূলক বিলকে আটকে দিয়ে বিজেপি বুঝিয়ে দিয়েছে তারা চায় মহিলারা অসুরক্ষিত থাকুক, ধর্ষকরা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াক।' একে বিজেপির দ্বিচারিতা বলেও উল্লেখ করেন সায়নী।
শনিবার (৯ অগস্ট) আরজি করকাণ্ডের এক বছর পূর্ণ হল। বিচারের দাবিতে এদিন 'অরাজনৈতিক' নবান্ন অভিযান করেন নির্যাতিতার পরিবার। সেই অভিযানে সামিল ছিলেন শুভেন্দু অধিকারী-সহ বিজেপির একাধিক বিধায়ক, নেতারা। এনিয়ে তৃণমূল কটাক্ষ করতেও পিছপা হয়নি। এবার কড়া ভাষায় আক্রমণ করলেন শাসক দলের সাংসদ সায়নী ঘোষ।