শুধু নির্যাতিতার মা নয়, তাঁর বাবাকেও মারার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। সেই ইস্যুতে শুভেন্দুর দাবি, এই দুজনকে দমাতে পারছে না পুলিশ-প্রশাসন।

শুভেন্দু অধিকারী
শেষ আপডেট: 9 August 2025 17:40
দ্য ওয়াল ব্যুরো: নবান্ন অভিযানে (Nabanna Abhijan) গিয়ে পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছিলেন আরজি করের নির্যাতিতার (RG Kar Case) বাবা-মা। তারপরই রেসকোর্সের কাছে অবস্থানে থাকাকালীন নির্যাতিতার মা অসুস্থ হয়ে পড়েন। এরপরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নির্যাতিতার মাকে হাসপাতালে দেখতে যান। শুভেন্দু অধিকারী জানান, নির্যাতিতার মাকে ভর্তি নেওয়া হয়েছে, মানে তিনি খুব একটা স্থিতিশীল নন। তবে এরপর সংবাদমাধ্যমে যে দাবি করেন, তা বিস্ফোরক।
শুধু নির্যাতিতার মা নয়, তাঁর বাবাকেও মারার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। সেই ইস্যুতে শুভেন্দুর দাবি, এই দুজনকে দমাতে পারছে না পুলিশ-প্রশাসন (Kolkata Police)। তাই তাঁদের ওপর হামলা করা হচ্ছে। প্রাক্তন পুলিশ কমিশনারের প্রসঙ্গ টেনে বিজেপি নেতার অভিযোগ, ''বিনীত গোয়েলকে বাঁচাতে চান মনোজ ভার্মা। এই দু-জনকে খতম করতে চেয়েছিল, যাতে মামলা ক্লোজ হয়ে যায়। পরিকল্পনা করে এটা করা হয়েছে।''
বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় তৃণমূল বিধায়কদের যে পরিণতি হচ্ছে সেটা মনে করান শুভেন্দু। বলেন, ওই মামলার প্রকৃতি দেখেই এখন এই আরজি কর মামলা আরও দাবিয়ে দেওয়া চেষ্টা হচ্ছে। সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের ফোন ঘাঁটলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তথ্য বেরিয়ে আসবে বলে দাবি করেন তিনি। বলেন, গত বছর ১৪ অগস্ট আরজি করে ভাঙচুরের ঘটনার পিছনে যে মুখ্যমন্ত্রী ছিলেন তা প্রমাণ হয়ে যাবে। তাই মনোজ ভার্মার পুলিশ মমতার ইশারায় কাজ করছে।
শুভেন্দুর স্পষ্ট কথা, নির্যাতিতার বাবা-মা নাছোড়বান্দা। পথে নেমে আন্দোলন করছেন, আইনি লড়াইও জারি রেখেছেন। তাই মমতার পুলিশ ভয় পাচ্ছে কারণ বিনীত গোয়েল, অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে তথ্য বেরিয়ে আসবে। ঠিকঠাক তদন্ত হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও জড়াবে। দাবি বিরোধী দলনেতার।
নবান্ন অভিযানে লাঠিচার্জের ঘটনায় শুভেন্দুর নিশানা, পুলিশ জাতীয় পতাকা ছিঁড়েছে, নির্যাতিতার মায়ের শাঁখা ভেঙেছে! তাঁর হুঁশিয়ারি, মনোজ ভার্মার পুলিশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যাবেন। প্রয়োজনে সুপ্রিম কোর্টেও যেতে পারেন।