নিম্নচাপ ঘনিয়ে আসতেই রাতের হালকা ঠান্ডা মিলিয়ে যেতে চলেছে। দক্ষিণবঙ্গে পারদ দ্রুত চড়বে, বাড়বে উষ্ণতার দাপট।

আবহাওয়া
শেষ আপডেট: 20 February 2026 09:35
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণবঙ্গের আকাশে শীতের আঁচ ক্রমশ কমছে। বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি ঘূর্ণাবর্তের জেরে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই তৈরি হতে পারে একটি নিম্নচাপ (Low Pressure)। তবে চিন্তার কিছু নেই, এই সিস্টেমের সরাসরি প্রভাব দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পড়ার সম্ভাবনা নেই বলে জানাল হাওয়া অফিস।
নিম্নচাপ তৈরি হলে সেটা পশ্চিম বা উত্তর–পশ্চিম দিকে সরে যেতে পারে। আপাতত পশ্চিমবঙ্গ (West Bengal) বা ওড়িশা (Odisha) উপকূলের দিকে এগোনোর সম্ভাবনা খুবই কম। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে।
এদিকে, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা, কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়াতে সব জায়গায় আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে সকালের শীত কমে গরমের স্পর্শটা ধীরে ধীরে অনুভূত হবে।
আগামী সাত দিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস (Weather Office)। আকাশ থাকবে মূলত পরিষ্কার, আবহাওয়া পুরোপুরি শুকনো। শীতের আমেজ ধরে রাখার মতো কোনও বৃষ্টির সাহায্যও মিলবে না দক্ষিণবঙ্গে।
তবে স্বস্তির মধ্যেই উঠে এসেছে অন্য ইঙ্গিতও। সপ্তাহের শেষদিকে তাপমাত্রা আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আগামী সপ্তাহের শুরু থেকেই পারদ চড়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই শীতের হাল্কা ছোঁয়া মিললেও, তার স্থায়িত্ব দীর্ঘ হচ্ছে না। দ্রুতই বেড়ে উঠবে উষ্ণতার দাপট।
আবহাওয়া দফতরের সার্বিক বার্তা, ঘূর্ণাবর্ত বা সম্ভাব্য নিম্নচাপ নিয়ে আতঙ্ক নয়, বরং প্রস্তুত থাকুন ঋতুবদলের দিকে। দক্ষিণবঙ্গে শীতের বিদায়পর্ব যে শুরু হয়ে গিয়েছে, তা স্পষ্ট।