বড়দিনে (Christmas) সেই শীতই কার্যত কামব্যাক করল। কলকাতায় একধাক্কায় তাপমাত্রা নেমে এসেছে ১৩ ডিগ্রির আশপাশে।

শীতের বড়দিন
শেষ আপডেট: 25 December 2025 19:34
দ্য ওয়াল ব্যুরো: বড়দিনে যেন সান্টাক্লজের (Santa Claus) ঝুলিতেই ছিল শীতের উপহার। ২৫ ডিসেম্বরেই চলতি মরসুমের সবচেয়ে ঠান্ডা দিনের স্বাদ পেল বাংলা (West Bengal)। উত্তর থেকে দক্ষিণ— রাজ্য জুড়েই হু হু করে নামল পারদ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটতেই শীত যে পাকাপাকি ভাবে ফিরছে, তার ইঙ্গিত মিলছিল আগেই।
বড়দিনে (Christmas) সেই শীতই কার্যত কামব্যাক করল। কলকাতায় একধাক্কায় তাপমাত্রা নেমে এসেছে ১৩ ডিগ্রির আশপাশে। রাজ্যের একাধিক জেলায় পারদ ১০ ডিগ্রি বা তারও নীচে। বৃহস্পতিবার আলিপুরে (Alipore) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ ঘোরাফেরা করছে ১০ থেকে ১১ ডিগ্রির মধ্যে (Weather Update)।
আবহাওয়াবিদদের পূর্বাভাস, আগামী দু’দিনে ঠান্ডা আরও খানিকটা বাড়তে পারে। বছরের শেষ দিন পর্যন্ত শীতের আমেজে তেমন কোনও ছেদ পড়ার সম্ভাবনা নেই। চলতি শীতে প্রথম বার বাঁকুড়ায় তাপমাত্রা নামল ১০ ডিগ্রির নীচে।
বড়দিনে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাত্র ৯.১ ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডা আর ভোর থেকে ঘন কুয়াশায় কার্যত ফাঁকা জেলার রাস্তাঘাট। শীতের কামড় থেকে বাঁচতে রাস্তার ধারে আগুন জ্বালিয়ে গা সেঁকছেন পথচলতি মানুষ।
এক নজরে রাজ্যের বিভিন্ন জায়গার তাপমাত্রা—
দার্জিলিং: ৪.৫ ডিগ্রি
আলিপুরদুয়ার: ৮ ডিগ্রি
শ্রীনিকেতন: ৮.৫ ডিগ্রি
বাঁকুড়া: ৯.১ ডিগ্রি
বর্ধমান: ১০ ডিগ্রি
কোচবিহার: ১০.১ ডিগ্রি
আসানসোল: ১০.৪ ডিগ্রি
পুরুলিয়া: ১১ ডিগ্রি
দমদম: ১৩ ডিগ্রি
আলিপুর: ১৩.৭ ডিগ্রি
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস আগেই জানিয়েছিল, আগামী দু' থেকে তিন দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে (Winter in Kolkata)। এমনকি কলকাতায় পারদ ১২ ডিগ্রিতে নামার সম্ভাবনা প্রবল।
বছরের শেষ বা নতুন বছরের শুরুতে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ মরশুমের শীতলতম দিন।
শুক্রবার কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় শীতল দিনের পরিস্থিতি তৈরি হবে। এক্ষেত্রে দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ৫ ডিগ্রি কম থাকবে। রাতের তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার নীচে থাকবে।