আবহাওয়া দফতর আগে জানিয়েছিল, সময়ের আগেই বাংলায় বর্ষা প্রবেশ করবে। তবে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে জুন মাসের প্রথম সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষার অনুকুল পরিবেশের সম্ভাবনা কম।
.jpeg.webp)
ফাইল ছবি।
শেষ আপডেট: 5 June 2025 11:12
দ্য ওয়াল ব্যুরো: তীব্র দাবদাহের মধ্যে মঙ্গলবার রাতে ঘন্টাখানেকের জন্য মুষলধারে বৃষ্টির সাক্ষী থেকেছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকার বাসিন্দারা। আজ বৃহস্পতিবার এবং আগামিকাল শুক্রবারও একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটতে পারে (Weather Update of Bengal)। কোনও কোনও এলাকায় ভারী বৃষ্টিপাতও হতে পারে। তবে এই বৃষ্টিকে বর্ষার বৃষ্টি ভাবলে ভুল হবে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে এখনও দেরি। ১০ জুনের পরই বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে।
তাহলে হঠাৎ এই বৃষ্টির কারণ কী? হাওয়া অফিস থেকে জানানো হয়েছে, বিহারে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত উত্তর বাংলাদেশের উপর অবস্থান করছে। এরফলে বাংলার উপর প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, যার প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হয়েছে। যার জেরে আগামী দু'দিন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। তবে সপ্তাহান্তে আবার তাপমাত্রা বাড়বে। ফের গরমের অস্বস্তিতে ভুগবে দক্ষিণবঙ্গবাসী।
বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ঘন্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। শুক্রবারও কলকাতা-সহ হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, দুই চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে। টানা বৃষ্টির জেরে নিচু এলাকাগুলিতে জল জমার সম্ভাবনা রয়েছে।
এই মুহূর্তে পূর্ব বিহারের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার প্রভাবেই রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবার শুষ্ক পশ্চিমা বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গের (South Bengal) কয়েকটি জেলায় তাপপ্রবাহের (Heatwave Alert) পরিস্থিতিও তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অর্থাৎ গরম-বৃষ্টির মেলবন্ধনই আগামী কয়েক দিন কাটাতে হবে রাজ্যবাসীকে।
আবহাওয়া দফতর আগে জানিয়েছিল, সময়ের আগেই বাংলায় বর্ষা প্রবেশ করবে। তবে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে জুন মাসের প্রথম সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষার অনুকুল পরিবেশের সম্ভাবনা কম। উপরন্তু আগামী তিন চার দিনে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। যার নিট ফল, আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে।
বৃহস্পতিবার উত্তরবঙ্গের (North Bengal) সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা (Heavy Rain Forecast) রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বৃষ্টি হবে। পাহাড়ি এলাকাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। নিচের তিন জেলা-উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে ভ্যাপসা গরম পড়বে। ঘামের অস্বস্তি থাকবে।
এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬৭ থেকে ৯৫ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে।