দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও রবিবার থেকে কিছুটা কমবে বৃষ্টির দাপট। বাড়বে অস্বস্তিকর গরম।

ফাইল ছবি।
শেষ আপডেট: 2 August 2025 10:06
দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গজুড়ে (North Bengal) ফের সক্রিয় মৌসুমি বায়ু। প্রবল বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর (Weather Update)। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার সক্রিয় অবস্থানের কারণে উত্তরবঙ্গের একাধিক জেলায় টানা তিন দিন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্য দিকে, দক্ষিণবঙ্গে (South Bengal) বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও রবিবার থেকে কিছুটা কমবে বৃষ্টির দাপট। বাড়বে অস্বস্তিকর গরম।
হাওয়া অফিস জানিয়েছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে আজ, রবিবার এবং আগামিকাল সোমবার ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে তিন দিনই ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। উত্তর দিনাজপুর এবং মালদহ জেলাতেও রবিবার ভারী বৃষ্টির আশঙ্কা। মঙ্গলবার ও বুধবারও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বৃহস্পতিবারও উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে। টানা বৃষ্টির জেরে নদীর জলস্তর বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তিস্তা, তোর্সা ও জলঢাকা নদীর পারবর্তী এলাকা প্লাবিত হতে পারে। দার্জিলিং, কালিম্পং-এর পার্বত্য অঞ্চলে ধস নামার সম্ভাবনাও রয়েছে।
শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। রবিবার থেকে মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কমবে, ফলে বাড়বে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। বৃহস্পতিবার থেকে ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা বেশি।
এদিন শহরের আকাশ মূলত মেঘলা থাকবে। মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, যার ফলে বৃষ্টি না হলে ঘামাচির মতো অস্বস্তি থাকতে পারে।
শনিবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৮১% থেকে ৯৮% এর মধ্যে ঘোরাফেরা করবে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ০.৯ মিলিমিটার।
আসাম, মেঘালয় এবং সিকিমে চরম বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অরুণাচল প্রদেশ ও বিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। হরিয়ানা, দিল্লি, ছত্তীসগড়, হিমাচল, ঝাড়খণ্ড, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, কেরল, উত্তরাখণ্ড, তামিলনাড়ু এবং পন্ডিচেরিতেও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।