সেনা সূত্রে জানা গিয়েছে, এই অভিযান আসলে সম্প্রতি শেষ হওয়া ‘অপারেশন মহাদেব’-এরই ধারাবাহিকতা।

ফাইল ছবি।
শেষ আপডেট: 2 August 2025 09:55
দ্য ওয়াল ব্যুরো: ফের বড়সড় সেনা অভিযান কাশ্মীরে (Kashmir)। কাশ্মীরে অভিযানের দায়িত্বে থাকা ভারতীয় সেনার চিনার কোর শুরু করেছে নতুন অভিযান— ‘অপারেশন অখল’ (Operation Akhal)। শুক্রবার রাত থেকে কুলগামের (Kulgam) গভীর জঙ্গলে শুরু হয়েছে এই অভিযান। এখনও পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে এক জঙ্গির। শনিবার সকালে সেনার তরফে জানানো হয়েছে, অভিযান এখনও চলছে।
সেনা সূত্রে খবর, কুলগাম জেলার অখল গ্রামে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েছিল গোয়েন্দারা। সেই তথ্যের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে শুরু হয় তল্লাশি অভিযান। সেনার দাবি, “সারা রাত চলেছে গুলির লড়াই। সতর্ক সেনারা তার কড়া জবাব দিয়েছেন। এখনও পর্যন্ত এক জঙ্গি মারা গিয়েছে। অভিযান অব্যাহত।”
অখল, কুলগাম থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে একটি প্রত্যন্ত গ্রাম। গোয়েন্দাদের মতে, ওই জঙ্গলের মধ্যেই আশ্রয় নিয়েছিল বেশ কয়েকজন জঙ্গি। শুক্রবার রাতে সেনা পৌঁছতেই শুরু হয় গুলির লড়াই। এলাকা ঘিরে ফেলা হয়। গোটা অঞ্চলে চলছে চিরুনি তল্লাশি।
সেনা সূত্রে জানা গিয়েছে, এই অভিযান আসলে সম্প্রতি শেষ হওয়া ‘অপারেশন মহাদেব’-এরই ধারাবাহিকতা। উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগামে পর্যটকদের উপরে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন। সেই ঘটনার মূল চক্রী সুলেমন ওরফে আসিফকে সম্প্রতি নিকেশ করেছে সেনা। তার সঙ্গে নিহত হয়েছে দুই সহযোগী জিব্রান ও হামজা আফগানি— তিন জনই পাকিস্তানের নাগরিক। সেনার তরফে সেই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন মহাদেব’।
পহেলগাম হামলার পর ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আরও তলানিতে গিয়ে ঠেকে। সীমান্ত এলাকায় বেড়েছে নজরদারি ও সশস্ত্র প্রস্তুতি। আর সেই আবহেই কুলগামে শুরু হল নতুন অভিযান ‘অপারেশন অখল’।
সেনা জানিয়েছে, কুলগামের জঙ্গলে লুকিয়ে থাকা অন্যান্য জঙ্গিদের খোঁজেও চলছে তল্লাশি। নিহত জঙ্গির পরিচয় এখনও সরকারিভাবে জানানো হয়নি। তবে সূত্রের খবর, সে-ও সম্ভবত সীমান্ত পেরিয়ে আসা প্রশিক্ষিত জঙ্গি।
জম্মু-কাশ্মীরে ফের জঙ্গি তৎপরতার ইঙ্গিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে গোটা উপত্যকায়। সেনা সূত্রে জানানো হয়েছে, প্রয়োজনে এই অভিযান আরও বিস্তৃত হবে। দেশবাসীকে নিরাপদ রাখতে কোনওরকম আপস নয়, সাফ বার্তা ভারতীয় সেনার।