সম্প্রতি ট্রাম্প সমাজমাধ্যমে মন্তব্য করেন, “ভারত এবং রাশিয়ার অর্থনীতি মৃত। তারা একসঙ্গে সেই মৃত অর্থনীতিকে আরও নীচে নামাতে পারে।”

ডোনাল্ড ট্রাম্প।
শেষ আপডেট: 2 August 2025 07:59
দ্য ওয়াল ব্যুরো: রাশিয়ার Russia) প্রাক্তন প্রেসিডেন্ট এবং বর্তমান জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভের (Medvedev) মন্তব্যে ক্ষোভ উগরে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।
রুশ নেতা যেভাবে আমেরিকার বিরুদ্ধে সামরিক উত্তেজনার ইঙ্গিত দিয়েছেন, তার পাল্টা হিসেবে ট্রাম্প জানিয়ে দিলেন—রাশিয়ার সীমানার কাছে মোতায়েন করা হয়েছে দু’টি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন (Nuclear Submarines)!
শুক্রবার নিজের সমাজমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লেখেন, “আশা করি, এই ধরনের উসকানিমূলক মন্তব্য কোনও অপ্রত্যাশিত পরিণতির দিকে না যায়। যদি যায়, তার ফল ভাল হবে না।”
সেই সঙ্গে রীতিমতো কটাক্ষের সুরে মেদভেদেভকে উদ্দেশ করে ট্রাম্প লেখেন, “এই বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ।”
সম্প্রতি ট্রাম্প সমাজমাধ্যমে মন্তব্য করেন, “ভারত এবং রাশিয়ার অর্থনীতি মৃত। তারা একসঙ্গে সেই মৃত অর্থনীতিকে আরও নীচে নামাতে পারে।” তিনি এও লেখেন, “আমরা ভারতের সঙ্গে খুব সামান্য পরিমাণে ব্যবসা করি। তাদের শুল্ক বিশ্বে সবচেয়ে বেশি। আর রাশিয়ার সঙ্গে আমাদের প্রায় কোনও বাণিজ্য নেই।”
এরই পরিপ্রেক্ষিতে দিমিত্রি পাল্টা বলেন, “যাঁদের আপনি মৃত বলছেন, তাঁদের থেকে আসা বিপদকে অবহেলা করবেন না।” এই বাকযুদ্ধ ক্রমশ সামরিক ইঙ্গিতের দিকে বাঁক নিচ্ছে বলেই মনে করছে কূটনৈতিক মহল।
ট্রাম্প জানিয়েছেন, দুটি পারমাণবিক সাবমেরিন রাশিয়ার উপকূলবর্তী অঞ্চলে মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে জানিয়েছেন, তাঁর বিশেষ দূত স্টিভ উইটকফ পশ্চিম এশিয়ায় রয়েছেন এবং আগামী সপ্তাহে মস্কোতে গিয়ে পুতিনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবেন।
প্রসঙ্গত, গত জুলাইয়ের তৃতীয় সপ্তাহে ইস্তানবুলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির আলোচনা ভেঙে যাওয়ার পর থেকে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে রুশ বাহিনী। হামলার লক্ষ্যে ইউক্রেনের কিভ, ডনবাস, জাপোরিঝিয়া, খারকিভ ও ওডেসার মতো এলাকা।
বিশেষজ্ঞদের মতে, এই সাম্প্রতিক কূটনৈতিক ও সামরিক টানাপোড়েনে যুদ্ধবিরতির সম্ভাবনা যেমন সামনে আসছে, তেমনই পারমাণবিক উত্তেজনার ঝুঁকিও বাড়ছে। এখন দেখার, মস্কো-ওয়াশিংটন এই চাপানউতোর থেকে কূটনৈতিক সমঝোতার পথে ফিরতে পারে কি না।