২৫ মে রবিবার কলকাতা ও দক্ষিণবঙ্গে মাঝারি ধরনের বৃষ্টি হবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আকাশ বেশির ভাগ সময় আংশিক মেঘলা থাকবে।

আবহাওয়া
শেষ আপডেট: 25 May 2025 09:51
দ্য ওয়াল ব্যুরো: ২৫ মে রবিবার কলকাতা ও দক্ষিণবঙ্গে মাঝারি ধরনের বৃষ্টি হবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আকাশ বেশির ভাগ সময় আংশিক মেঘলা থাকবে। আগামী সপ্তাহ জুড়ে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
২৫ থেকে ২৯ মে উত্তর ও দক্ষিণ বঙ্গের বিস্তীর্ণ এলাকা বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে। সঙ্গে থাকবে ঝড়ো হাওয়া, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। বিশেষ করে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ২৮ ও ২৯ মে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে।
সপ্তাহের শুরু থেকেই কলকাতা ও দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, কলকাতায় তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩১-৩৪ ডিগ্রি ও সর্বনিম্ন ২৬-২৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার রাত থেকে শহরে হালকা বৃষ্টি শুরু হয়ে গরম থেকে সাময়িক মুক্তি দিয়েছে। নিম্নচাপের প্রভাবে আগামীদিনগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, ২৪ থেকে ২৯ মে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ঝড়ো হাওয়ার গতি কখনও ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। উত্তরবঙ্গেও সপ্তাহের শুরু থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। কিছু জায়গায় বজ্রপাতসহ ঝড়ো বৃষ্টি হতে পারে, পাশাপাশি ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে।
বর্তমানে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে, যা আগামী ২৭ মে পর্যন্ত শক্তিশালী হয়ে তীব্র নিম্নচাপে পরিণত হতে পারে। এর ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। আবহাওয়া দফতর সমুদ্র উপকূলবর্তী এলাকায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।