হাইকোর্ট জানিয়েছে, মেধা তালিকা ওবিসি এ ও বি অনুযায়ী যা তৈরি হয়েছে সেটা প্রকাশ করা যাবে না।

কলকাতা হাইকোর্ট
শেষ আপডেট: 7 August 2025 12:50
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার জয়েন্টের ফল (WBJEE Result) প্রকাশ করা যাবে না। লিখিত পরীক্ষার ফল প্রকাশে আপত্তি কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। আদালতের এই নির্দেশের ফল ধাক্কা খেল রাজ্য সরকার।
এদিন হাইকোর্ট জানিয়েছে, মেধা তালিকা ওবিসি (OBC) এ ও বি অনুযায়ী যা তৈরি হয়েছে সেটা প্রকাশ করা যাবে না। গত ২২ মে ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী, ওবিসি তালিকা (৬৬ সংরক্ষণ) মেনে মেধা তালিকা তৈরি করে প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি কৌশিক চন্দ। আজ বেলা দুটোয় রায় দেবেন বিচারপতি। কত দিনের মধ্যে রাজ্যকে সেই তালিকা প্রকাশ করতে হবে সেটা জানানো হবে সেই রায়ে।
বুধবার এই সংক্রান্ত মামলার শুনানিতে আদালতের প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য সরকার ও জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (state and joint Entrance board)। বিচারপতির নির্দেশ অনুযায়ী বোর্ড কিছু তথ্য জমা দিয়েছিল হাইকোর্টে। তবে তা যথেষ্ট নয় বলেই মনে করেন বিচারপতি। ফলে আজ আবার শুনানি হয়।
প্রেক্ষাপট
পশ্চিমবঙ্গের অন্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)-র শংসাপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তির মামলায় হাইকোর্টের নির্দেশ নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। সম্প্রতি রাজ্যের বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে উচ্চ আদালত।
ওই নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যার পর থেকেই প্রশ্ন ঘোরাফেরা করছিল, এই পরিস্থিতিতে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার ফল কবে বের হবে! তবে তা ৭ অগস্ট বেরনোর কথা থাকলেও আজ তা প্রকাশ পাচ্ছে না।
সময়মতো রেজাল্ট বের না হওয়ায় উৎকণ্ঠা যেমন বেড়েছে অভিভাবকদের, পাশাপাশি হতাশ পড়ুয়ারাও। তার কারণ এমন অনেকে রয়েছেন, যাঁরা প্রত্যেকেই উচ্চ মাধ্যমিক পাশ করেছে এবং জয়েন্টের পরীক্ষাও দিয়েছে। তাঁদের অনেকের ইচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবে। কিন্তু রেজাল্ট না বের হওয়ায় হতাশ হয়ে কেউ অন্যত্র অ্যাডমিশন নিয়েছে। আবার অনেকে অ্যাডমিশন নিয়েও সেখানে ভর্তি হয়নি। এ রাজ্য থেকেই পড়াশোনা করবে বলে।