সম্প্রতি কল্যাণীর অতিরিক্ত জেলা দায়রা আদালতে তাঁদের মধ্যে ৯ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ৯ জনকেই যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 18 July 2025 18:37
দ্য ওয়াল ব্যুরো: কোটি টাকার ডিজিটাল অ্যারেস্ট (Digital Arrest) মামলায় দেশে প্রথমবার দোষী সাব্যস্ত হলেন অভিযুক্তরা। নদিয়ার রানাঘাট (Nadia Ranaghat) সাইবার থানার তদন্তে মহারাষ্ট্র, হরিয়ানা, গুজরাত ও রাজস্থানের একাধিক জায়গায় অভিযান চালিয়ে ২০২৪ সালের ডিসেম্বর মাসে মোট ১৩ জনকে গ্রেফতার করে পুলিশ (Police)। সম্প্রতি কল্যাণীর অতিরিক্ত জেলা দায়রা আদালতে তাঁদের মধ্যে ৯ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ৯ জনকেই যাবজ্জীবন কারাদণ্ড (Life Imprisonment) দিয়েছে আদালত।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে একজন মহিলা রয়েছেন। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে বহু মোবাইল ফোন, ব্যাঙ্ক পাসবুক, চেকবই, প্যান কার্ড-সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি। পাশাপাশি তদন্তে সিল করা হয়েছে মোট ১০০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যার মধ্যে চার লক্ষ টাকারও বেশি জমা ছিল।
২০২৪ সালের ৬ নভেম্বর এক ব্যক্তি নদিয়ার কল্যাণী সাইবার থানায় অভিযোগ দায়ের করেন, তাঁর কাছ থেকে এক কোটি টাকার বেশি প্রতারণা করা হয়েছে। তদন্তে নেমে দেখা যায়, অভিযুক্তরা দেশের নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে। ফলে রানাঘাট পুলিশ জেলার সাইবার ক্রাইম বিভাগ চারটি রাজ্যে ছড়িয়ে অভিযান চালিয়ে একে একে সকলকে গ্রেফতার করে।
সূত্রের খবর, প্রতারকেরা ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর নামে ভুয়ো আইনজীবী ও পুলিশ পরিচয় দিয়ে নিরীহ নাগরিকদের ফোন করত এবং ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিত। এই কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া অভিযুক্তদের বিরুদ্ধে সাজার শুনানি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আদালত এদিন দোষীদের যাবজ্জীবন সাজা ঘোষণা করেছে।
পুলিশের এক উচ্চপদস্থ কর্তা জানান, “এই মামলার রায় দেশের দৃষ্টান্ত হয়ে রইল। ডিজিটাল প্রতারণার বিরুদ্ধে লড়াইয়ে এটি বড় সাফল্য।”