নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছিলেন মমতা। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। এরপর বৃহস্পতিবারই সোশ্যাল মিডিয়ায় কমিশনকে নিশানা করে লম্বা পোস্ট করেন তিনি। মুরুগানের পোস্ট মমতার সেই পোস্টের কিছু পরেই আসে।

সি মুরুগান
শেষ আপডেট: 19 March 2026 16:35
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Elections 2026) আবহে রাজ্যে এসআইআর (West Bengal SIR) প্রক্রিয়া হয়েছে। আর তার জন্য বাংলায় যে সকল রোল অবজার্ভার এসেছেন তাঁদের মধ্যে অন্যতম সি মুরুগান (C Murugan)। তিনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি পোস্ট করেছেন যা দেখে ওয়াকিবহাল মহল মনে করছে, তিনি সরাসরি খোঁচা দিতে চেয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। কী এমন লিখেছেন মুরুগান?
বাংলায় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর মাত্র চারদিনেই মুখ্যসচিব, ডিজি, সিপি, ডিআইজি থেকে শুরু করে জেলাশাসকদের সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (ECI Gyanesh Kumar)। রাতারাতি এই বদল নিয়ে কয়েকদিন আগেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছিলেন মমতা। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। এরপর বৃহস্পতিবারই সোশ্যাল মিডিয়ায় কমিশনকে নিশানা করে লম্বা পোস্ট করেন তিনি। মুরুগানের পোস্ট মমতার সেই পোস্টের কিছু পরেই আসে।
মুরুগান তাঁর পোস্টে লিখেছেন - শিরদাঁড়া সোজা রেখে এবং আইন মেনে কাজ করা সৎ অফিসারদের পাশে কে দাঁড়াবে? তাঁর এও প্রশ্ন, যে সব সৎ অফিসাররা আইন মেনে গরিব মানুষের জন্য কাজ করতে গিয়ে টার্গেট বা অত্যাচারের শিকার হচ্ছেন, তাঁদের পাশে কে দাঁড়াবে? আত্মসম্মানের সঙ্গে কাজ করার ক্ষেত্রে কে তাঁদের সম্পূর্ণ সমর্থন দেবে?
স্পেশ্যাল রোল অবজার্ভারের এই পোস্টে কোথাও পুলিশি রদবদল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার উল্লেখ নেই। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কমিশনের সিদ্ধান্তের বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগাতার সরব হওয়ার বিষয়টিকেই একহাত নিয়েছেন তিনি। আসলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে মুরুগান সম্পর্কের যে সমীকরণ তা এমনই ইঙ্গিত দেয়।
কয়েক সপ্তাহ আগেই, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) অভিযোগ তুলেছিলেন যে, স্পেশ্যাল রোল অবজার্ভার সি মুরুগান (C Murugan) হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ দিচ্ছেন, যা নাকি শীর্ষ আদালতের নির্দেশের পরিপন্থী। তিনি একটি স্ক্রিনশট প্রকাশ করে দাবি করেন, মাইক্রো অবজার্ভারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জন্ম শংসাপত্রের গ্রহণযোগ্যতা নিয়ে বার্তা পাঠানো হয়েছে।
এই ইস্যুতে তৃণমূল কংগ্রেস সিইও দফতরে সাংবাদিক বৈঠক করে মুরুগানের পদত্যাগ দাবি করে। সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) কটাক্ষ করে তাঁকে ‘কুইক গান মুরুগান’ বলে আখ্যা দেন। এমনকি একটি জনপ্রিয় ছবির পোস্টার বদলে সোশ্যাল মাধ্যমে শেয়ার করে অবজার্ভারকে নিশানা করেন। এর পাল্টা জবাব দিয়েছিলেন স্বয়ং মুরুগানও।
সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, পোস্টারের মতো তাঁর কাছে এত বন্দুক নেই। পাশাপাশি জানান, আইনত তিনি আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণপ্রাপ্ত এবং তামিলনাড়ু পুলিশে চার বছর কর্মরত থাকার সময়ে সেগুলি ব্যবহারও করেছেন। এখন ফের কাকতালীয়ভাবে মমতার পোস্টের পর তাঁর পোস্ট, মুরুগানকে সংবাদ শিরোনামে নিয়ে এল।