স্থানীয়দের মতে, "সরকারি হাসপাতাল মানুষের ভরসার জায়গা। সেখান থেকে যদি এভাবে মৃত মানুষের দেহ থেকে চোখ চুরি করে নেওয়া হয়, তাহলে এরপর কোন ভরসায় সরকারি হাসপাতালে যাবেন মানুষ?"
.jpeg.webp)
ফাইল ছবি।
শেষ আপডেট: 26 November 2025 13:42
দ্য ওয়াল ব্যুরো: দুর্ঘটনায় মৃত যুবকের চোখ কীভাবে খুবলে নেওয়া হল? মুখ্যমন্ত্রীর (Chief Minister) নির্দেশে ঘটনার তদন্তে নামল বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ (Barasat Medical College and Hospital)। হাসপাতাল সূত্রের খবর, এ ব্যাপারে ময়নাতদন্তের রিপোর্টের দিকে নজর দেওয়ার পাশাপাশি মর্গের দায়িত্বপ্রাপ্ত কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।
হাসপাতাল সূত্রের খবর, মৃত যুবকের নাম প্রীতম ঘোষ (৩৪)। বারাসতের ১ নম্বর রেলগেটের কাজিপাড়া এলাকার বাসিন্দা। একটি দুর্ঘটনায় গুরুতর জখম হন তিনি। বারাসত মেডিক্যালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অভিযোগ, হাসপাতালের মর্গ থেকে ওই যুবকের একটি চোখ খুবলে নেওয়া হয়েছে।
এর প্রতিবাদে মঙ্গলবার বিকেল থেকে হাসপাতালের সামনে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ শুরু করেন মৃতর পরিজন এবং স্থানীয়রা। হাসপাতালের অব্যবস্থা নিয়ে সরব হন তাঁরা। সে সময় ওই পথ ধরে বনগাঁর সভা থেকে কলকাতায় ফিরছিলেন মুখ্যমন্ত্রী। বিক্ষোভের মুখে পড়ে থামে মুখ্যমন্ত্রীর কনভয়। এই সময় সরাসরি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধৈর্য ধরে শোনেন মৃত যুবকের পরিবারের অভিযোগ, ক্ষোভ আর অভিজ্ঞতার বর্ণনা।
ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মৃতের মাকে সরকারি চাকরির আশ্বাসও দেন তিনি। হাসপাতালের সামনে ওই সময় উত্তেজনা আরও খানিক বাড়লেও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়। তবে যেভাবে সরকারি হাসপাতালের মর্গ থেকে চোখ খুবলে নেওয়ার ঘটনা সামনে এসেছে তাতে যারপরনাই বিরক্ত স্থানীয়রা।
তাঁদের কথায়, চোখ যদি ইঁদুরে খুবলে নিয়ে থাকে তাহলেও নিজেদের দায়িত্বের প্রসঙ্গ এড়াতে পারেন না মর্গের দায়িত্বে থাকা কর্মীরা। অন্যদিকে যদি এটি চোখ চুরির ঘটনা হয়, তাহলে অবিলম্বে ওই চক্রকে পাকড়াও করা জরুরি।
স্থানীয়দের মতে, "সরকারি হাসপাতাল মানুষের ভরসার জায়গা। সেখান থেকে যদি এভাবে মৃত মানুষের দেহ থেকে চোখ চুরি করে নেওয়া হয়, তাহলে এরপর কোন ভরসায় সরকারি হাসপাতালে যাবেন মানুষ?" হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন। তদন্ত রিপোর্ট এলে যথাযথ পদক্ষেপ করা হবে।