বর্ষার দাপটে আবার ভাটা পড়বে না তো উৎসবের প্রস্তুতিতে?

ফাইল ছবি।
শেষ আপডেট: 6 September 2025 09:46
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির দাপট চলছে টানা কয়েক দিন ধরেই। নিম্নচাপ সরে যাওয়ায় দুর্যোগ কিছুটা প্রশমিত হলেও পুরোপুরি থামেনি বৃষ্টি। এদিকে সপ্তাহান্তে পুজোর কেনাকাটার ভিড়ের মুখে অনেকের মনে প্রশ্ন—বর্ষার দাপটে আবার ভাটা পড়বে না তো উৎসবের প্রস্তুতিতে?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ খানিকটা কমবে। তবে রাজ্যে জলীয় বাষ্প ঢুকতে থাকায় পুরোপুরি শুকনো আবহাওয়ার আশা করা যাচ্ছে না। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সর্বত্র বৃষ্টি নাও হতে পারে। তবে বজ্রবিদ্যুৎ-সহ অল্প সময়ের জন্য ভারী বর্ষণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা বর্তমানে দক্ষিণবঙ্গের উপকূল থেকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। বৃষ্টির দাপট খানিকটা কমলেও দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী দু’দিনে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে। তার সঙ্গে বাড়বে গরম ও অস্বস্তিও। শনিবার ও রবিবারের জন্য বড় কোনও সতর্কতা জারি হয়নি, তাই কেনাকাটা বা অন্যান্য পরিকল্পনায় বাধা আসার আশঙ্কা নেই। তবে সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি থাকবে।
অন্যদিকে, উত্তরবঙ্গের পরিস্থিতি একেবারেই আলাদা। সপ্তাহান্তে সমতল থেকে পাহাড়—সব জায়গাতেই বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। রবিবারও একই সতর্কতা বজায় থাকবে। এর মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বর্ষণ হতে পারে, যার পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।