মালদহের কালিয়াচকের পর উত্তরবঙ্গের এই দুই জেলায় একই ধরনের বিক্ষোভ রাজ্যের নির্বাচনী আবহে নতুন করে চাপ তৈরি করেছে। ভোটের মুখে ভোটার তালিকা নিয়ে অসন্তোষ ক্রমশ ছড়িয়ে পড়ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

ফাইল ছবি
শেষ আপডেট: 2 April 2026 15:34
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আবহে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার (West Bengal SIR Voter List) অভিযোগে উত্তাল হয়ে উঠেছে রাজ্যের একাধিক জেলা। মালদহের পর এবার সেই একই ছবি ধরা পড়ল উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও কোচবিহারেও (Maldah Protest)। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি মু্র্শিদাবাদের ফারাক্কাতেও ধরা পড়েছে একই ছবি।
জলপাইগুড়ির ময়নাগুড়িতে ২৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ শুরু হয়। হুসুলডাঙা এলাকার বাসিন্দাদের দাবি, এসআইআর প্রক্রিয়ার পর তাঁদের অনেকের নাম ‘বিবেচনাধীন’ বা ‘ডিলিটেড’ তালিকায় চলে গিয়েছে। বৈধ নথি থাকা সত্ত্বেও কেন এই পরিস্থিতি, সেই প্রশ্ন তুলে সরব হন তাঁরা। অবরোধের জেরে জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, আটকে পড়ে একাধিক পণ্যবাহী গাড়ি।
একই ইস্যুতে কোচবিহারেও উত্তেজনা ছড়ায়। মাথাভাঙার পচাগর গ্রাম পঞ্চায়েতের মাদ্রাসা মোড় এলাকায় পথ অবরোধ করেন স্থানীয়রা। তাঁদেরও অভিযোগ, বিনা কারণে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। এই ঘটনার প্রতিবাদে কোচবিহার-মাথাভাঙা রাজ্য সড়ক প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ থাকে। বিক্ষোভকারীরা রাস্তার উপর টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান, ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
মালদহের কালিয়াচকের পর উত্তরবঙ্গের এই দুই জেলায় একই ধরনের বিক্ষোভ রাজ্যের নির্বাচনী আবহে নতুন করে চাপ তৈরি করেছে। ভোটের মুখে ভোটার তালিকা নিয়ে অসন্তোষ ক্রমশ ছড়িয়ে পড়ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে বারবার একই অভিযোগ সামনে আসায় ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আরও জোরালো হচ্ছে। এখন দেখার, এই ক্ষোভ কত দ্রুত মেটে এবং তার প্রভাব ভোট প্রক্রিয়ায় কতটা পড়ে।
ইতিমধ্যে মালদহের ঘটনা নিয়ে সুপ্রিম কোর্ট কড়া অবস্থান নিয়েছে। রাজ্যের পুলিশ-প্রশাসনকে কার্যত ভর্ৎসনা করেছে। শীর্ষ আদালতের বিচারপতিরা সরাসরি পর্যবেক্ষণে জানান, পশ্চিমবঙ্গের মতো এতটা ‘রাজনৈতিকভাবে মেরুকরণ’ আগে কখনও দেখেনি। এও পর্যবেক্ষণ, এ রাজ্যে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে প্রায় সব কিছুই রাজনৈতিক ভাষায় ব্যাখ্যা করা হচ্ছে, এমনকি আদালতের নির্দেশ পালন নিয়েও রাজনীতির ছাপ স্পষ্ট।
মালদহের ঘটনাকে আদালতের উপরই হামলা বলে মন্তব্য করে শীর্ষ আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে, ‘ঘটনার তদন্ত সিবিআই বা এনআইএ - কেন্দ্রীয় সংস্থার হাতেই তুলে দিতে হবে’।