সম্প্রতি রাজ্যের একাধিক সরকারি ও বেসরকারি চিকিৎসা কেন্দ্রে মেলায়ডসিসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে জ্বর, কাশি, শরীরে ফোঁড়া, এমনকি অভ্যন্তরীণ অঙ্গে তীব্র ব্যথাও হতে পারে। সময়মতো সঠিক চিকিৎসা না হলে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ে।

ফাইল ছবি।
শেষ আপডেট: 23 December 2025 12:55
দ্য ওয়াল ব্যুরো: বাইরে থেকে সাদামাটা জ্বর (Fever), ভেতরে লুকিয়ে মারাত্মক সংক্রমণ। একসময় ভিয়েতনাম ফেরত মার্কিন নাগরিকদের মধ্যে দেখা যাওয়া বিপজ্জনক রোগ মেলায়ডসিস এ বার রাজ্যের বিভিন্ন প্রান্তে মাথাচাড়া দিয়ে উঠছে।
স্বাস্থ্য দফতরের (West Bengal, Health Department) আশঙ্কা, এই রোগই পরিচিত ‘ভিয়েতনাম টাইম বম্ব’ নামে (Vietnam time bomb)—যা দীর্ঘদিন নিঃশব্দে শরীরে থেকে হঠাৎ ভয়ঙ্কর রূপ নিতে পারে।
স্বাস্থ্য আধিকারিকদের দাবি, এই রোগের উপসর্গ অনেকটাই যক্ষ্মার মতো হওয়ায় প্রাথমিক পর্যায়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে। অথচ টিবি নয়—এটি সম্পূর্ণ আলাদা ব্যাকটেরিয়ার সংক্রমণ। আর লক্ষণ স্পষ্ট না হওয়ায় বহু ক্ষেত্রেই সাধারণ জ্বর বা দুর্বলতা ভেবে অবহেলা করছেন রোগীরা। ফলে বছরের পর বছর শরীরে বাসা বেঁধে থেকে এক সময় মারাত্মক জটিলতা তৈরি করছে এই সংক্রমণ।
সম্প্রতি রাজ্যের একাধিক সরকারি ও বেসরকারি চিকিৎসা কেন্দ্রে মেলায়ডসিসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে জ্বর, কাশি, শরীরে ফোঁড়া, এমনকি অভ্যন্তরীণ অঙ্গে তীব্র ব্যথাও হতে পারে। সময়মতো সঠিক চিকিৎসা না হলে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ে।
এই পরিস্থিতিতে রাজ্যজুড়ে বড়সড় সচেতনতা অভিযানে নেমেছে স্বাস্থ্য দফতর। হাসপাতাল ও স্বাস্থ্য ভবনে কর্মশালা, গ্রামাঞ্চলে সচেতনতা শিবির, ফ্লায়ার ও প্রচারপত্রের মাধ্যমে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে। রোগের লক্ষণ, সঠিক চিকিৎসা ও প্রতিরোধের উপায় জানানোই এই কর্মসূচির মূল লক্ষ্য।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা, মেলায়ডসিসকে যদি ভুল করে টিবি বা সাধারণ ব্যাকটেরিয়াল সংক্রমণ ভেবে চিকিৎসা করা হয়, তবে রোগীর অবস্থা আরও জটিল হয়ে উঠতে পারে। তাই দীর্ঘদিন জ্বর বা অস্বাভাবিক উপসর্গ থাকলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়াই একমাত্র পথ।
বিশেষজ্ঞদের পরামর্শ: দু’সপ্তাহের বেশি জ্বর থাকলে অবহেলা নয়। দ্রুত চিকিৎসক দেখান, প্রয়োজনীয় পরীক্ষা করান এবং স্থানীয় স্বাস্থ্য সচেতনতা শিবিরে অংশ নিয়ে নিজে সতর্ক হোন, অন্যকেও সতর্ক করুন।