স্বপ্ন কি সত্যিই বাস্তব হবে, নাকি এও আর এক ভোট-ভুলভুলাইয়া?

গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 24 December 2025 19:07
দ্য ওয়াল ব্যুরো: এসআইআর ইস্যুতে (SIR) ভোট ঘোষণার আগেই বেজে গিয়েছে নির্বাচনের দামামা (Election Commission)। আর সেই গরমে যেন ফের চড়া সুর—বন্দে ভারত স্লিপার ট্রেনের ‘স্বপ্ন ফেরি’ (Vandey Bharat Slipper)।
বিহারে (Bihar) ভোটের আগে যেমন ভেসেছিল প্রথম স্লিপার বন্দে ভারত চালুর খবর, এবার সেই একই সুর শোনা যাচ্ছে বাংলায় (West Bengal)। রেল–মহলের দাবি, ভোটের আগে নয়াদিল্লি–হাওড়া রুটেই নাকি আত্মপ্রকাশ করবে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার কোচের ট্রেন। উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রেল সূত্রের খবর, ১৬ কামরার চকচকে এই রেকের রক্ষণাবেক্ষণ ঘাঁটি গড়ে তোলার কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সোমবার হাওড়ার ঝিলপাড় সাইডিংয়ে রেলের ইলেকট্রিক্যাল-সহ একাধিক বিভাগের আধিকারিকরা পরিদর্শনও সেরে গিয়েছেন। অর্থাৎ ‘আসছে, আসছে’ আবহ তৈরি। কিন্তু বিহারের অভিজ্ঞতা সামনে রেখেই প্রশ্ন—এ বারও কি শুধু ভোট-প্রতিশ্রুতি?
কথা ছিল, দেশের প্রথম স্লিপার বন্দে ভারত নামবে নয়াদিল্লি–জম্মু–শ্রীনগর রুটে। তার আগেও শোনা গিয়েছিল পাটনা–দিল্লি রুটের কথা। বিজেপি–জেডিইউ ক্ষমতায় এলেও ট্রেনের চাকা কিন্তু গড়ায়নি আজও। তাই বাংলায় নতুন করে সেই দাবির গরম হাওয়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা।
রেল কর্তাদের দাবি, বেঙ্গালুরুর বিএমইএল-এ তৈরি হয়েছে স্লিপার কোচের প্রোটোটাইপ। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে চলছে রেক তৈরির শেষ ল্যাপ। সব ঠিকঠাক থাকলে নতুন বছরের শুরুতেই তা পৌঁছবে হাওড়ায়। সর্বোচ্চ ১৬০ কিমি গতিতে ছুটবে এই ট্রেন। থাকবে ফার্স্ট এসি, টু-টায়ার ও থ্রি-টায়ার—তিন ধরনের স্লিপার ব্যবস্থা।
শুধু তাই নয়, রেল-কর্তাদের দাবি, বর্তমান প্রিমিয়াম ট্রেনগুলির তুলনায় অনেক বেশি যাত্রীবান্ধব সুবিধা থাকবে নয়া বন্দে ভারতে। আসন, আলো, শৌচাগার—সব জায়গাতেই নাকি আমূল বদল। এমনকি, বিমান পরিষেবাকেও টক্কর দেবে, দাবি রেল কর্তাদের।
২০১৯-এ দিল্লি–বারাণসী রুটে পথ চলা শুরু বন্দে ভারতের। বাংলায় প্রথম এল ২০২২ সালের ডিসেম্বরে, হাওড়া–নিউ জলপাইগুড়ি রুটে। এ বার ভোটের মুখে ফের ভেসে উঠছে ‘দেশের প্রথম স্লিপার বন্দে ভারত’-এর স্বপ্ন—কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, স্বপ্ন কি সত্যিই বাস্তব হবে, নাকি এও আর এক ভোট-ভুলভুলাইয়া?