স্থানীয় বাসিন্দারা বলেন, “ঝাড়সিংহাসন গ্রাম ভারতের শেষ সীমানা। এখানে তিস্তার উন্মুক্ত সীমান্ত রয়েছে। সেখান দিয়ে নিত্যই এ দেশে অনুপ্রবেশ হচ্ছে। প্রশাসনকে আরও সতর্ক হতে হবে।’’

শেষ আপডেট: 28 September 2025 12:06
দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: দুর্গাপুজো দেখতে এসে গ্রেফতার হল দুই বাংলাদেশি। লাগাতার অনুপ্রবেশ নিয়ে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা।
হলদিবাড়ি ব্লকের ঝাড়সিংহাসন এলাকায় সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকতেই এ পারের বাসিন্দারা তাঁদের ধরেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানান, ভোররাতে তিস্তার পার ধরে মোটরবাইক চালিয়ে দুই ব্যক্তিকে নিয়ে দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিল এক বাইক আরোহী। অপরিচিত হওয়ায় তাঁদের থামতে বলেন তাঁরা। কিন্তু বাইক না থামিয়ে উল্টে দ্রুতবেগে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাঁরা ধাওয়া করলে বাইকের দুই আরোহীকে ফেলে রেখে পালিয়ে যায় চালক।
ওই দুই ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, দুর্গাপুজো দেখতে তারা ভারতে ঢুকেছিল। গ্রামবাসীদের কাছে খবর পেয়ে পুলিশ পৌঁছে ওই দুজনকে গ্রেফতার করে হলদিবাড়ি থানায় নিয়ে যায়। ধৃতদের নাম দশরথ রায় (২৭) ও কালীদাস রায় (৫০)। তাঁদের বাড়ি বাংলাদেশের নীলফামারী জেলার ডোমার গ্রামে। মেখলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হলে ধৃতদের ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা বলেন, “ঝাড়সিংহাসন গ্রাম ভারতের শেষ সীমানা। এখানে তিস্তার উন্মুক্ত সীমান্ত রয়েছে। সেখান দিয়ে নিত্যই এ দেশে অনুপ্রবেশ হচ্ছে। প্রশাসনকে আরও সতর্ক হতে হবে।’’ অনুপ্রবেশ নিয়ে এলাকার বাসিন্দারা উদ্বিগ্ন হলেও, হিন্দু জাগরণ মঞ্চের উত্তরবঙ্গের কোর্ডিনেটর পাঞ্চালী দেব শিকদার নাগ জানান, ভারত সরকার সিএএ চালু করেছে। ভারতীয় নাগরিকত্ব নেওয়ার নিয়ম শিথিল করেছে। যদি কেউ বাংলাদেশে অত্যাচারিত হয়ে থাকেন তবে সেই দেশের নাগরিকত্ব ছেড়ে ভারতের নাগরিক হওয়ার আবেদন করতে পারেন।