রবিবার রাজ্যজুড়ে অনুষ্ঠিত হয় পুলিশের সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের লিখিত পরীক্ষা। আড়াই লক্ষেরও বেশি প্রার্থী এই পরীক্ষায় অংশ নেন। কিন্তু শিলিগুড়ির নকশালবাড়িতে পরীক্ষার মাঝেই ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 13 October 2025 17:18
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের নিয়োগ পরীক্ষা (Recruitment Exam) আর দুর্নীতি (Corruption) - এ যেন সমার্থক হয়ে গেছে। বিগত কয়েক বছরে একটিও পরীক্ষা কলঙ্কমুক্ত হয়নি। বর্তমানে বিভিন্ন ক্ষেত্রের চাকরিপ্রার্থীরা দুর্নীতি বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পথে রয়েছেন। এরই মধ্যে পুলিশের নিয়োগ পরীক্ষাতেও (Police Recruitment Exam) চুরির অভিযোগ।
রবিবার রাজ্যজুড়ে অনুষ্ঠিত হয় পুলিশের সাব-ইন্সপেক্টর (Sub Inspector) পদে নিয়োগের লিখিত পরীক্ষা। আড়াই লক্ষেরও বেশি প্রার্থী এই পরীক্ষায় অংশ নেন। কিন্তু শিলিগুড়ির নকশালবাড়িতে (Siliguri Naxalbari) পরীক্ষার মাঝেই ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। পুলিশ হতে চেয়ে টুকলি করতে গিয়ে ধরা পড়েন দুই পরীক্ষার্থী।
ঘটনাটি ঘটেছে হাতিঘিসা ভিনসেন্ট হাইস্কুলে। সূত্রের খবর, মালদহ (Maldah) থেকে এসেছিলেন দুই পরীক্ষার্থী — মহম্মদ মোবাস এবং রুবেল শেখ। পরীক্ষার সময় কর্তব্যরত পরীক্ষকদের চোখে পড়ে তাঁরা পকেট থেকে ছোট ছোট চিরকুট বের করে উত্তর লেখার চেষ্টা করছেন। বিষয়টি সঙ্গে সঙ্গে জানানো হয় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের।
তল্লাশি চালিয়ে পুলিশের হাতে আসে বেশ কয়েকটি চিরকুট, যেখানে লেখা ছিল সম্ভাব্য প্রশ্নের উত্তর। হাতেনাতে ধরা পড়েন দুই পরীক্ষার্থী। পরে নকশালবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের গ্রেফতার (Arrest) করে।
অভিযোগ ওঠায় পরীক্ষার গুরুত্ব ও সততা বজায় রাখতে রাজ্য পুলিশ প্রশাসন আরও কড়া নজরদারি চালায়। তবে ঘটনাটি সত্ত্বেও পরীক্ষার প্রক্রিয়ায় কোনও বিঘ্ন ঘটেনি বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
তবে এই ঘটনা আবারও একবার নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। যারা অপরাধ কমাতে আর অপরাধীদের ধরতে পরীক্ষা দিচ্ছে তারাই যদি অপরাধ করতে গিয়ে ধরা পড়ে, তাহলে স্বাভাবিকভাবেই নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। অনেকেই মনে করছেন, ২ জন ধরা পড়েছে ঠিকই, কিন্তু এমনও হতে পারে যে, অনেকেই এইভাবে পরীক্ষায় দুর্নীতি করেছে অথচ ধরা পড়েননি। তাই নির্বিঘ্নে পরীক্ষা হলেও ধন্দ থেকেই যাচ্ছে।