দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেকের মুখে ফের উঠে এল বঞ্চনার অভিযোগ। উঠে আসে মনরেগা মহাত্মা গান্ধীর নাম বাদ যাওয়ার প্রসঙ্গও।

শেষ আপডেট: 17 December 2025 17:06
দ্য ওয়াল ব্যুরো: ১০০ দিনের কাজে এখনও কেন্দ্রের কাছে বকেয়া ৫০ হাজার কোটি টাকা (100 days work MGNREGA dues), দাবি রাজ্য সরকারের (West Bengal)। ৫ বছর ধরে পশ্চিমবঙ্গের সাধারণ খেটে খাওয়া মানুষের প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্র। সেই বঞ্চনার অভিযোগ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর দ্বারস্থ হলেন তৃণমূলের (TMC) ১০ সাংসদ। তাঁদের নেতৃত্ব দিতে সেখানে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)।
দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেকের মুখে ফের উঠে এল বঞ্চনার অভিযোগ। প্রসঙ্গত, কেন্দ্রের ১০০ দিনের কাজের প্রকল্প মনরেগা (MGNREGA) থেকে বাদ যাচ্ছে মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) নাম। এই নিয়ে তৃণমূল আগেও সরব হয়েছে। এবার সেই নিয়েও মুখ খুললেন অভিষেক।
তিনি বলেন, ''৫০ হাজার কোটি টাকা বকেয়া হয়ে রয়েছে কেন্দ্রের কাছে। ৫ বছর ধরে সেই টাকা আটকে রেখেছে কেন্দ্র। নাম বদলে দিলে কী-ই বা হবে! যেখানে সুপ্রিম কোর্টে (Supreme court) ইউনিয়নের এসএলপি না স্পেশ্যাল লিভ পিটিশন বাতিল করে দেওয়া হয়েছে।''
শুধু তাই নয়, বিজেপি (BJP)কে বাংলাবিরোধী বলেও কটাক্ষ করতে ছাড়েননি অভিষেক। মহাত্মা গান্ধীর কথায় উঠে আসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) প্রসঙ্গও। তিনি বলেন, ''আমরা বিজেপিকে জমিদার বা বাংলাবিরোধী কেন বলেছি? কারণ ওদের এটা জানা নেই যে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায় হয়েছিল। মহাত্মা গান্ধীর যে মহাত্মা উপাধি, তা রবীন্দ্রনাথ ঠাকুরেরই দেওয়া। এটা আমরা দিইনি বা দেশের অন্য কোনও সাধারণ মানুষ দেননি।''
#WATCH | Delhi | TMC MP Abhishek Banerjee says, "Over Rs 50,000 crore MGNREGA dues of West Bengal are still with the Centre....Rabindranath Tagore had given the title of ‘Mahatma’ to Gandhiji, not us. Removing Mahatma Gandhi’s name shows what value the BJP gives him..." pic.twitter.com/d9tQdsbAqj
— ANI (@ANI) December 17, 2025
অভিষেক আরও যোগ করেন, ''মহাত্মা গান্ধীর নামই সরিয়ে দেওয়া এটাই বোঝায় যে, মোদী সরকার বা বিজেপি সরকারের নজরে মহাত্মা গান্ধীর কতটা গুরুত্ব রয়েছে।''
২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকেই মনরেগা, গ্রামীণ উন্নয়ন প্রকল্প এবং জল জীবন মিশনের মতো বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে তহবিল আটকে রাখার অভিযোগ তুলছে রাজ্যের শাসকদল। এ নিয়ে অতীতেও দিল্লিতে অবস্থান বিক্ষোভও করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।