একদিকে প্রতিমা আনতে যাওয়া পুজো কমিটির সদস্যদের আকস্মিক মৃত্যু, অন্যদিকে শহরের বুকে আর এক প্রাণহানি—দুটি পৃথক ঘটনায় উৎসবের মধ্য়ে শোকের ছায়া নেমে এসেছে।

প্রতীকী ছবি।
শেষ আপডেট: 27 September 2025 10:34
দ্য ওয়াল ব্যুরো: পুজোর আনন্দের (Durga Puja) আগে একের পর এক দুর্ঘটনা (Tragic accident) কেড়ে নিল চার প্রাণ। প্রতিমা আনতে গিয়ে চন্দননগরে (Chandannagar, 3 dead)) উল্টে গেল ম্যাটাডর, মৃত্যু হল তিন যুবকের। অন্যদিকে শহরের বুকে লরির ধাক্কায় প্রাণ হারাল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত দেড়টা নাগাদ চন্দননগর উড়ালপুলে ঘটে প্রথম দুর্ঘটনা। পোলবার শঙ্করবাটী বারোয়ারি পুজো কমিটির প্রতিমা আনতে যাচ্ছিল একটি ম্যাটাডর। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলে গাড়ি উল্টে যায়।
পুলিশ সূত্রের খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের—শ্যামল চক্রবর্তী (৪২), ভাস্কর দে ধারা (২৯) ও স্বপন দেব (৩০)। গুরুতর আহত সোমনাথ দে ধারা ও শ্যামল মাইতিকে ভর্তি করা হয়েছে চন্দননগর মহকুমা হাসপাতালে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে, শুক্রবার গভীর রাতে ঘটে আর এক দুর্ঘটনা। উত্তর বন্দর থানার স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোডে, নিমতলা শ্মশানের কাছে লরির ধাক্কায় মৃত্যু হয় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির। প্রত্যক্ষদর্শীদের দাবি, ধাক্কা মেরে দ্রুত পালিয়ে যায় লরিটি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। এখনও পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি।
একদিকে প্রতিমা আনতে যাওয়া পুজো কমিটির সদস্যদের আকস্মিক মৃত্যু, অন্যদিকে শহরের বুকে আর এক প্রাণহানি—দুটি পৃথক ঘটনায় উৎসবের মধ্য়ে শোকের ছায়া নেমে এসেছে।