মোজমপুর বাসস্ট্যান্ডের কাছে আচমকাই গুলির লড়াইয়ে জড়িয়ে পড়ে দুই গোষ্ঠী। সেই সময়ে তাদের গুলির লড়াইয়ের মাঝে পড়ে যান আমির।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 16 June 2025 10:05
দ্য ওয়াল ব্যুরো: আম নিয়ে ফিরছিলেন বাড়ি। মাঝে দুই গোষ্ঠীর ঝামেলায় পড়ে গুলিবিদ্ধ টোটো চালক। ঘটনা মালদহের মোজমপুর এলাকার। প্রথমে তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। পরে সেখান থেকে স্থানান্তর করা হয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে। তাঁর শরীরে গুলির আঘাত রয়েছে। অবস্থা আশঙ্কাজনক।
কালিয়াচকের গোলাপগঞ্জ এলাকার বাসিন্দা আমির শেখ আম কিনে টোটো চালিয়ে ফিরছিলেন নিজের বাড়িতে। সেই সময় মোজমপুর বাসস্ট্যান্ডের কাছে আচমকাই গুলির লড়াইয়ে জড়িয়ে পড়ে দুই গোষ্ঠী। রীতিমতো প্রকাশ্যে, বন্দুক নিয়ে একে অপরের দিকে গুলি চালাতে শুরু করে। সেই সময়ে তাদের গুলির লড়াইয়ের মাঝে পড়ে যান আমির। পরপর গুলি চলতে থাকে, কয়েকটি গুলি গিয়ে লাগে তাঁর টোটোর সামনের কাচে ও গায়ে। মুহূর্তেই লুটিয়ে পড়েন।
গুলিবিদ্ধ হয়েও কোনও রকমে মোবাইল বার করে পরিবারকে খবর দেন। ছুটে আসেন তাঁর পরিজনরা। তাঁরাই হাসপাতালে নিয়ে যান।
এদিকে গোটা ঘটনায় কালিয়াচক থানায় অজ্ঞাতপরিচয় দুই গোষ্ঠীর বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। পুলিশকে আমির জানিয়েছেন, এই দুই গোষ্ঠীর কাউকে তিনি চেনেন না। দেখেননি পর্যন্ত কোনওদিন।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ, 'প্রতিদিনই কোথাও না কোথাও গুলি চলছে। পুলিশ কিছুই করতে পারছে না। এখন তো নিরীহ মানুষও নিরাপদ নয়।'