স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার পর থেকে অভিযুক্ত দু’জন পলাতক রয়েছেন। তাঁদের খোঁজে তল্লাশি চলছে।

ছবিটি প্রতীকী
শেষ আপডেট: 24 May 2025 18:07
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলায় বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে গুলিবিদ্ধ যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশের প্রাথমিক অনুমান, প্রেমের সম্পর্কে সমস্যা বা সম্পর্ক নিয়ে সমস্যার জেরে এই খুন। শনিবার বিস্তারিত জানান পুলিশ সুপার রাজেশ দ্বিবেদী।
নিহতের নাম অমিত ত্রিবেদী (৩২)। লখিমপুর খেরি জেলার বাসিন্দা। শুক্রবার রাতে তিনি শাহজাহানপুরের জেবা মুকুন্দপুর গ্রামে কনের পক্ষ থেকে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে গেছিলেন। গ্রামটি নিগোহি থানার অন্তর্গত। ওই সময় গ্রামের বাইরে রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় অমিতের দেহ পাওয়া যায়।
পুলিশ জানিয়েছে, অমিতের স্ত্রীর মৃত্যু হয়েছে প্রায় ২-৩ বছর আগে। আত্মীয়দের থেকে জানা গেছে, অমিতের শ্বশুরবাড়ি জেবা মুকুন্দপুর গ্রামেই। তদন্তকারীদের অনুমান, অমিতের শ্বশুরবাড়ির কোনও মহিলার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল এবং সেখান থেকেই আক্রোশের জেরে বা সমস্যার জেরে এই খুনের ঘটনা ঘটতে পারে।
অমিতের কাকা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এই ঘটনার পর। তার ভিত্তিতে অভিষেক ও আমান নামে দু'জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন, অভিষেক অমিতের স্ত্রীর ভাই। ঘটনার পর থেকে অভিযুক্ত দু’জনই পলাতক রয়েছেন। তাঁদের খোঁজে তল্লাশি চলছে।