রাজনীতির ময়দানে বরাবরই স্পর্শকাতর ভাঙড়। ভোট যত এগোবে, অশান্তির গ্রাফ ততই চড়তে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

ফাইল ছবি।
শেষ আপডেট: 20 January 2026 12:36
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে ফের রক্ত ঝরল (Bhangar)! এসআইআর (SIR) ঘিরে রাজ্যজুড়ে যখন উত্তেজনার পারদ চড়ছে, ঠিক সেই সময় বোমার ঘায়ে এক তৃণমূল কর্মীর হাতের একাংশ ঝলসে যাওয়ার ঘটনায় নতুন করে অশান্তি ছড়াল বানতলা এলাকায় (TMC worker's hand burnt by bomb)।
শাসক দলের অভিযোগ, রাতের অন্ধকারে পরিকল্পিত ভাবে তৃণমূল কর্মীদের ভয় দেখাতেই আইএসএফ-এর দুষ্কৃতীরা ওই হামলা চালিয়েছে। যদিও এই অভিযোগ উড়িয়ে পাল্টা তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছে আইএসএফ। অভিযোগ-পাল্টা অভিযোগে ফের উত্তপ্ত ভাঙড়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে চরমনগরী এলাকা থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন তৃণমূল কর্মী কামাল। অভিযোগ, চালতা বেড়িয়া অঞ্চলের পুরাতন পাগলা হাটের কাছে পৌঁছতেই তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। বিস্ফোরণের অভিঘাতে গুরুতর আহত হন কামাল। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। তাঁর বাঁ হাতের চামড়া ঝলসে গিয়ে হাড় বেরিয়ে আসে বলে জানা গিয়েছে।
বোমার বিকট শব্দে প্রথমে আতঙ্কে কেউই বাড়ি থেকে বেরোনোর সাহস পাননি। পরে আহতের গোঙানির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান, তাঁর হাতের অবস্থা আশঙ্কাজনক।
যদিও এই ঘটনায় নিজেদের যুক্ত থাকার কথা সম্পূর্ণ অস্বীকার করেছে আইএসএফ। এলাকার আইএসএফ নেতা মালেক মোল্লার দাবি, “তৃণমূলের লোকজনই বোমা নিয়ে ঘুরছিল। সেই বোমাতেই ওই ব্যক্তি আহত হয়েছেন। এতে আইএসএফের কোনও ভূমিকা নেই।”
ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙড় ডিভিশনের উত্তর কাশীপুর থানার পুলিশ। এলাকা ঘিরে বাড়ানো হয়েছে নজরদারি।
রাজনীতির ময়দানে বরাবরই স্পর্শকাতর ভাঙড়। ভোট যত এগোবে, অশান্তির গ্রাফ ততই চড়তে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।