রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিধানসভা ভোটের মুখে সংগঠন ঢেলে সাজিয়ে ময়দানে নামার প্রস্তুতিই শুরু করে দিল রাজ্য বিজেপি।
.jpg.webp)
শেষ আপডেট: 20 January 2026 11:35
দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026)। তার আগেই সংগঠনকে চাঙ্গা করতে একের পর এক পদক্ষেপ করছে রাজ্য বিজেপি (BJP West Bengal)। সম্প্রতি রাজ্য কমিটির নাম ঘোষণার পর এ বার বিভিন্ন মোর্চায় নতুন ইনচার্জ নিয়োগ করে সংগঠন ঢেলে সাজানোর বার্তা দিল গেরুয়া শিবির। মঙ্গলবার রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) দলের সাতটি সাংগঠনিক মোর্চার জন্য নতুন দায়িত্বপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেন। দলীয় সূত্রে জানানো হয়েছে, ২০২৫–২৭ সময়কালের জন্য এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।
দলীয় নেতৃত্বের দাবি, যুব থেকে মহিলা, কৃষক থেকে অনগ্রসর ও সংখ্যালঘু—প্রতিটি মোর্চায় অভিজ্ঞ ও সক্রিয় নেতৃত্বকে সামনে রেখে তৃণমূল স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করাই এই রদবদলের মূল লক্ষ্য। ভোটের ময়দানে নামার আগে প্রতিটি সামাজিক স্তরে দলের বার্তা পৌঁছে দিতে এবং কর্মীদের আরও সক্রিয় করতে এই পদক্ষেপ বলে মত রাজনৈতিক মহলের।
নতুন দায়িত্বপ্রাপ্তদের মধ্যে যুব মোর্চার ইনচার্জ করা হয়েছে সৌমিত্র খানকে। মহিলা মোর্চার দায়িত্ব পেয়েছেন প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। কৃষক সংগঠনকে চাঙ্গা করতে কিষাণ মোর্চার ইনচার্জ হিসেবে নিযুক্ত হয়েছেন বাপী গোস্বামী। অনগ্রসর শ্রেণির সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে ওবিসি মোর্চার ইনচার্জ অজিত দাসকে। তফসিলি জাতি মোর্চার ইনচার্জ হিসেবে দায়িত্ব পেয়েছেন জ্যোতির্ময় সিং মাহাত,তফসিলি উপজাতি মোর্চার ইনচার্জ হয়েছেন খুদিরাম টুডু এবং সংখ্যালঘু মোর্চার দায়িত্বে রাখা হয়েছে অমিতাভ রায়কে।

দলীয় নেতৃত্বের দাবি, এই নতুন দায়িত্ব বণ্টনের ফলে রাজ্যের বিভিন্ন সামাজিক গোষ্ঠীর মধ্যে বিজেপির সাংগঠনিক বিস্তার আরও বাড়বে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিধানসভা ভোটের মুখে সংগঠন ঢেলে সাজিয়ে ময়দানে নামার প্রস্তুতিই শুরু করে দিল রাজ্য বিজেপি।