পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত প্রায় ন’টার সময় একটি ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান মসিউর। তারপর আর তিনি ফেরেননি। সারারাত অপেক্ষার পর বৃহস্পতিবার সকালে উদ্বিগ্ন পরিবার ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন।

নিহত তৃণমূল বুথ সভাপতি
শেষ আপডেট: 19 March 2026 12:37
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা ভোটের (West Bengal Election 2026) মুখে ফের রক্তাক্ত উত্তর ২৪ পরগনা। হাড়োয়া (Haroa Murder) থানার অন্তর্গত ঝুজুরগাছা এলাকায় এক তৃণমূল (TMC) কর্মীর বিকৃত দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম মসিউর কাজি (৩৮)। তিনি দেগঙ্গার চাঁপাতলা গ্রামপঞ্চায়েতের গাংনিয়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় তৃণমূলের বুথ সভাপতি ছিলেন। এটি রাজনৈতিক খুন নাকি পারস্পরিক রেষারেষি জন্য হত্যা তা তদন্ত করে দেখছে পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত প্রায় ন’টার সময় একটি ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান মসিউর। তারপর আর তিনি ফেরেননি। সারারাত অপেক্ষার পর বৃহস্পতিবার সকালে উদ্বিগ্ন পরিবার ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই শংকরপুর পঞ্চায়েত এলাকার ঝুজুরগাছায় একটি ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পরিবারের সদস্যরা গিয়ে দেহটি শনাক্ত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহের অবস্থা ছিল অত্যন্ত নৃশংস - শরীরের একাধিক অংশে আঘাতের চিহ্ন মিলেছে, এমনকি একটি হাত বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে অনুমান, ভারী কোনও বস্তু দিয়ে মাথায় আঘাত করেই খুন করা হয়েছে তাঁকে।
ঘটনার পরই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে এই খুন, তার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও পরিবারের দাবি, পরিকল্পনা করে ফোনে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে মসিউর কাজিকে।
ভোট ঘোষণার পর এক তৃণমূল বুথ সভাপতির এই নৃশংস হত্যাকাণ্ডে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। রাজনৈতিক কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।