সরিষা মোড়ের ঘটনার রাজনৈতিক রেশ এখানেই থামবে নাকি ‘ডিজিটাল যুদ্ধে’ আরও বৃহত্তর আকার নেবে?

তৃণমূল ও বিজেপির পোস্ট করা ভিডিও-র অংশ বিশেষ।
শেষ আপডেট: 27 November 2025 18:09
দ্য ওয়াল ব্যুরো: ডায়মন্ড হারবারের সরিষা মোড়ের বিক্ষোভ (Diamond Harbour case) এবার রাজপথ ছাড়িয়ে পৌঁছল সোশ্যাল মিডিয়ায়। বৃহস্পতিবার দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) কনভয়কে লক্ষ্য করে একদল বিক্ষোভকারী ‘গো ব্যাক’ স্লোগান দিলে তৎক্ষণাৎ শুরু হয় রাজনীতির দড়ি–টানাটানি (TMC Vs BJP Controversy, same person's picture in the Diamond Harbour case)।
ঘটনার পর সুকান্তের অভিযোগ, তৃণমূল নিজেদের লোককে বিজেপি কর্মী সাজিয়ে সাজানো বিক্ষোভ দেখিয়েছে। তাঁর দাবি, “গলায় গেরুয়া উত্তরীয়, কপালে তিলক—এই সাজসজ্জা করে তৃণমূল বিজেপির ভোল ধরিয়ে উত্তেজনা তৈরির চেষ্টা করছে।”
সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তির ছবি পোস্ট করে তিনি লেখেন, ওই যুবক নাকি তৃণমূলের ‘দাগী দুষ্কৃতী’ শামীমের ঘনিষ্ঠ সহযোগী রাজু, যিনি ‘বিজেপি কর্মী’ সেজে নাটক করেছেন।
অশিক্ষিত বর্বর তৃণমূলের নতুন পন্থা দেখুন!
গলায় গেরুয়া উত্তরীয় পরে আর কপালে তিলক এঁকে কারসাজি করে বিজেপি কর্মী সেজে এরা রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছে! ছবিতে গেরুয়া উত্তরীয় পরে যাকে দেখা যাচ্ছে, সে ডায়মন্ড হারবার এলাকার তৃণমূল কংগ্রেস নেতা এবং দাগী দুষ্কৃতী শামীম-এর… pic.twitter.com/er9nCRgCtG— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) November 27, 2025
সুকান্তের ভাষায়, “অশিক্ষিত তৃণমূল অশিক্ষিতই থাকবে। এই সস্তা স্ক্রিপ্ট লিখে যারা ওদের দিচ্ছে—তাদের কোনও দাম নেই।”
সুকান্তর এহেন পোস্টের প্রায় পরে পরেই সোশ্যাল মাধ্যমে পাল্টা পোস্ট করে তৃণমূল। সুকান্ত যাকে তৃণমূলের কর্মী বলছেন, সেই যুবকের ভিডিও পোস্ট করে তৃণমূলের দাবি, তিনি আদতে বিজেপি নেতা দিলীপ ঘোষের অনুগামী।
তৃণমূলের বক্তব্য, “ডায়মন্ড হারবারে বিজেপির গোষ্ঠীকোন্দলই প্রকাশ্যে এসেছে। সুকান্ত মজুমদারের কনভয় ঘিরে বিক্ষোভ করেছে বিজেপির নিজস্ব কর্মীরাই। দিলীপ ঘোষের নামে স্লোগান, পাশাপাশি শুভেন্দু ও সুকান্তর বিরুদ্ধে ক্ষোভ—সবই বিজেপির ভাঙনের ছবি।”
তৃণমূলের কটাক্ষ, “যারা নিজেদের ঘর সামলাতে পারে না, তারা বাংলার রাজনীতি দখল করবে কীভাবে?”
এখন দেখার, সরিষা মোড়ের ঘটনার রাজনৈতিক রেশ এখানেই থামবে নাকি ‘ডিজিটাল যুদ্ধ’ আরও বৃহত্তর আকার নেবে?