বিক্ষোভকারীদের দাবি, তাঁরা স্থানীয় বিজেপি কর্মী। অভিযোগ, তাঁদের প্রতি নেতৃত্ব উদাসীন। কোনও সমস্যা হলে নেতারা পাশে দাঁড়ান না।

ফাইল ছবি।
শেষ আপডেট: 27 November 2025 14:30
দ্য ওয়াল ব্যুরো: আবারও উত্তেজনার কেন্দ্রে ডায়মন্ড হারবার (Diamond Harbour)! কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) কনভয় আটকে বিক্ষোভ, স্লোগান, রাজনৈতিক দোষারোপ—সব মিলিয়ে বৃহস্পতিবার দুপুরে সরিষা মোড় সাক্ষী থাকল তিরিক্ষি পরিস্থিতির।
রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত এদিন দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে আচমকাই তাঁর কনভয় ঘিরে ধরে একদল মানুষ। ‘গো ব্যাক’ স্লোগানে রাস্তাজুড়ে মুহূর্তে তৈরি হয় উত্তেজনা।
বিক্ষোভকারীদের দাবি, তাঁরা স্থানীয় বিজেপি কর্মী। অভিযোগ, তাঁদের প্রতি নেতৃত্ব উদাসীন। কোনও সমস্যা হলে নেতারা পাশে দাঁড়ান না। “আমরা মার খাই, আর নেতারা শুধু মঞ্চে বক্তৃতা দেন”—এই সুরেই ক্ষোভ উগরে দেন তাঁরা।
যদিও সুকান্তর বক্তব্য—“ডায়মন্ড হারবারে এর আগেও আমাকে আটকানোর চেষ্টা হয়েছে। তৃণমূলের রক্তচক্ষুতে ভয় পাই না। পরিকল্পিতভাবেই বিক্ষোভ দেখানো হয়েছে।” তাঁর অভিযোগ, শাসকদলের মদতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
তৃণমূল অবশ্য তা মানতে নারাজ। দলের বক্তব্য, “যাঁরা বিক্ষোভ করেছেন তাঁরা বিজেপিরই নীচুতলার কর্মী। পুরোটাই বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফল।” স্থানীয় নেতৃত্বের দাবি, ডায়মন্ড হারবারে বিজেপি সংগঠন বহুদিন ধরেই ভাঙা-চোরা অবস্থায়। এ দিনের ঘটনাই তার নতুন উদাহরণ।
যদিও কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর অভিযোগ, “এটা তৃণমূলেরই কৌশল। রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই।” পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলেন, “জম্মু-কাশ্মীরকে ঠান্ডা করতে পারলে এখানেও পারব।” তাঁর এই মন্তব্য ঘিরেই নতুন করে রাজনৈতিক তাপমাত্রা বাড়তে শুরু করেছে।
বিক্ষোভের জেরে সাময়িকভাবে থমকে যায় সুকান্তর কনভয়, যদিও পরে তিনি কর্মসূচির উদ্দেশে রওনা দেন। কিন্তু বৃহস্পতিবারের এই ঘটনাই যে আগামী কয়েক দিনের রাজনৈতিক উত্তাপে ইন্ধন জোগাবে, তা বলাই বাহুল্য।