একুশে জুলাইয়ের সভা ঘিরে প্রকাশ্যে এল তৃণমূলের অন্দর সংঘাত। পার্থ ভৌমিককে কটাক্ষ মমতাবালার।

মমতাবালা ঠাকুর
শেষ আপডেট: 17 June 2025 19:36
দ্য ওয়াল ব্যুরো: ফের তৃণমূল কংগ্রেসের (TMC) গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। এবার পার্থ ভৌমিক (Partha Bhowmik) বনাম মমতাবালা ঠাকুর (Mamatabala Thakur)। একুশে জুলাইয়ের (21 July) প্রস্তুতি সভা থেকেই কার্যত সংঘাত লেগে গেল তাঁদের মধ্যে। ঠিক কী হয়েছে?
তৃণমূলের রাজ্যসভার সাংসদ (Rajyasabha MP) তথা বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারম্যান মমতাবালা ঠাকুর সরাসরি আক্রমণ করেছেন ব্যারাকপুরের লোকসভা সাংসদ পার্থ ভৌমিককে। স্পষ্ট ভাষায় তিনি বলেন — যে সভায় পার্থ থাকবেন, তিনি সেখানে যাবেন না!
সোমবার গোবরডাঙা টাউনহলে আয়োজিত দলের ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বনগাঁ সংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস-সহ একাধিক নেতা। সেই সভার মঞ্চ থেকেই মমতাবালা ঠাকুর পার্থ ভৌমিক সম্পর্কে এই মন্তব্য করেন।
মমতাবালা কথায়, “আমি আগের মিটিংয়ে ছিলাম না, কারণ দিল্লি যেতে হয়েছিল। কিন্তু পরে জানতে পারি, পার্থ ভৌমিক নাকি বলেছে — বৌদি থাকলে ভাল, না থাকলেও দ্বিতীয় মিটিংয়ে থাকবেন। আমি তখনই বুঝে নিই, এই ধরনের পরিস্থিতিতে একই সভায় থাকা সম্ভব নয়।”
এরপর সরাসরি পার্থকে নিশানা করে তিনি বলেন, “বিশ্বজিৎ আমায় জানায়, পার্থ ভৌমিকের সঙ্গে কথা হয়েছে। কিন্তু পার্থ কী দায়িত্বে আছেন, আমার জানা নেই। ও মিটিং ডাকলে সে-ই করুক, আমি থাকব না।”
প্রকাশ্য মঞ্চ থেকে এমন মন্তব্য ঘিরে স্বভাবতই অস্বস্তিতে পড়েছে শাসকদলের শীর্ষ নেতৃত্ব। যদিও পার্থ ভৌমিক এই নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। তবে স্বাভাবিকভাবে দলের অন্দরেও এই বিষয়টি নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।
দলীয় নেতৃত্বের একাংশের মতে, বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপ ছাড়া মেটানো সম্ভব নয়। কারণ একুশে জুলাইয়ের আগে উত্তর ২৪ পরগনার প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখানেই এই ধরনের দ্বন্দ্ব প্রকাশ্যে আসা দলীয় ঐক্যের পক্ষে ভাল লক্ষণ নয়।