অনেকেই প্রশ্ন তুলেছেন, ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে কীভাবে কোনও ভাষাভাষী সম্প্রদায়কে এভাবে সন্দেহের চোখে দেখা যায়? তৃণমূলের দাবি, এই ধরনের বক্তব্য জাতিগত বিদ্বেষ ও বিভাজনমূলক রাজনীতিকে উৎসাহিত করে।

ফাইল চিত্র
শেষ আপডেট: 12 July 2025 20:45
দ্য ওয়াল ব্যুরো: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার (Himant Biswa Sharma) মন্তব্য ঘিরে ফের বাংলা-বিদ্বেষের অভিযোগ তুলে রাজনৈতিক তরজায় নেমেছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। আদমশুমারির প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী বলেছেন, 'কেউ যদি বাংলাকে নিজের মাতৃভাষা হিসেবে উল্লেখ করেন, তবে তিনি ‘বাংলাদেশি’ হয়ে যান।' এই মন্তব্য ঘিরেই কার্যত তোপ দেগেছে তৃণমূল।
তৃণমূলের তরফে একটি কটাক্ষ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লেখা হয়েছে, 'অসমের মুখ্যমন্ত্রী (Assam CM) একটি অতি জঘন্য এবং নিন্দনীয় দাবি করেছেন। তিনি বলছেন, যারা আদমশুমারি নথিতে নিজেদের মাতৃভাষা (Mother Tongue) বাংলা বলেন, তারা নাকি বাংলাদেশি!' এরপরই হিমন্তকে স্মরণ করিয়ে দিয়ে তৃণমূলের জবাব, 'তাঁকে একটু মনে করিয়ে দিই, আমাদের জাতীয় স্তোত্র ‘জন গণ মন’ বাংলা ভাষায়। আমাদের জাতীয় গান ‘বন্দে মাতরম’-এর মূল রূপও বাংলা। তাহলে হিমন্ত বিশ্ব শর্মা যখন ‘জনগণমন’ কিংবা ‘বন্দে মাতরম’ গান, তখন কি উনিও তাঁর যুক্তি অনুযায়ী 'অবৈধ বাংলাদেশি' হয়ে যান?”
বিষয়টি ঘিরে সোশ্যাল মিডিয়াতেও (Social Media) বিতর্ক তুঙ্গে। অনেকেই প্রশ্ন তুলেছেন, ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে কীভাবে কোনও ভাষাভাষী সম্প্রদায়কে এভাবে সন্দেহের চোখে দেখা যায়? তৃণমূলের দাবি, এই ধরনের বক্তব্য জাতিগত বিদ্বেষ ও বিভাজনমূলক রাজনীতিকে উৎসাহিত করে।
রাজনৈতিক মহলের মতে, ২০২৬-এর অসম বিধানসভা নির্বাচনের (2026 Assembly Election) প্রস্তুতি হিসেবে ভাষাগত মেরুকরণ শুরু করেছেন হিমন্ত। আর তাতে বাংলা ভাষাকে টেনে এনে বাঙালিদের হেয় করার চেষ্টা চলছে। তৃণমূল কংগ্রেস এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করে হিমন্তের ক্ষমাপ্রার্থনার দাবি জানিয়েছে। তবে অসম সরকার বা বিজেপির তরফ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য এই প্রসঙ্গে হিমন্ত বিশ্ব শর্মাকে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, 'হিমন্ত বিশ্বশর্মা কি ভুলে গিয়েছেন বাংলা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ভাষা! হিমন্ত বিশ্বশর্মা (Himant Biswa Sharma controversial remark) কি ভুলে গিয়েছেন তিনি যে রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে বাংলা ভাষায় কথা বলা মানুষের জনসংখ্যা সংখ্যাগরিষ্ঠতার নিরিখে দ্বিতীয়। হিমন্ত বিশ্ব শর্মা কি ভুলে গিয়েছেন এই বাংলাভাষী মানুষ দেশে স্বাধীনতা রক্ষায় সবথেকে বেশি রক্ত ঝরিয়েছে। আজকে সেই মাতৃভাষায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা শুনতে হবে। বাংলা ভাষায় কথা বলা মানুষরা কি ভারতীয় নয়?"
হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যের জেরে তাঁর দল বিজেপিকেও তোপ দাগলেন দেবাংশু। তাঁর কথায়, 'বিজেপি প্রমাণ করল বাঙালি জাতিকে তাঁরা সহ্য করতে পারে না। বাংলা ভাষাকে তাঁরা সহ্য করতে পারে না। সেই কারণেই জয় বাংলা স্লোগানে তাঁদের আপত্তি।' 'বাঙালির কাছে মাতৃভাষা প্রচণ্ড আবেগের। তাতে হাত দিতে আসলে হাত আগুনে পুড়ে যাবে', ঠিক এইভাবেই হিমন্ত বিশ্বশর্মাকে স্মরণ করিয়ে দিলেন দেবাংশু।