ভাঙড়, ইংরেজবাজার, সাঁইথিয়া, মল্লারপুরের পর এবার ভরতপুর। ফের খুন তৃণমূল কর্মী। মুর্শিদাবাদের ভরতপুরে প্রকাশ্য রাস্তায় এক ব্যক্তিকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 24 July 2025 09:51
দ্য ওয়াল ব্যুরো: ভাঙড়, ইংরেজবাজার, সাঁইথিয়া, মল্লারপুরের পর এবার ভরতপুর (Bharatpur)। ফের খুন তৃণমূল কর্মী। মুর্শিদাবাদের ভরতপুরে প্রকাশ্য রাস্তায় এক ব্যক্তিকে কুপিয়ে খুন (Death) করা হয়েছে বলে অভিযোগ। বুধবার রাত ৯টা নাগাদ নিজের বাড়ি ফিরছিলেন ষষ্ঠী ঘোষ নামের এক স্থানীয় তৃণমূল কর্মী (TMC Leader)। অভিযোগ, বাঁধের রাস্তার ধারে আচমকা তাঁর বাইক থামিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে একদল দুষ্কৃতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
পরিবারের দাবি, ষষ্ঠী ঘোষকে টার্গেট করে এর আগেও একাধিকবার হামলার চেষ্টা হয়েছিল। তিন-চারবার তাঁকে খুনের চেষ্টা হয়েছিল বলেও অভিযোগ। তাই ফের এমন নারকীয় হামলায় প্রশ্ন উঠছে — এর পিছনে কি ব্যক্তিগত কোনও শত্রুতা রয়েছে, না রাজনৈতিক হিংসা?
পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো শত্রুতার জেরে এই খুনের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে তদন্তে নেমেছে ভরতপুর থানার পুলিশ। তদন্তকারীদের অনুমান, খুন পূর্বপরিকল্পিত। তবে কারা জড়িত, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।
এদিকে আবার কাকদ্বীপ (Kakdwip) থেকেও খুনের খবর এসেছে। সেখানের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভাইপোকে খুনের ঘটনা ঘটেছে। ভরতপুরের মতো সেখানেও কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। বাড়ির কাছে একটি মাঠে মৃতের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়।
পুলিশ সূত্রে খবর, বুধবার বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিলেন মৃত যুবক রাকিব। তারপর থেকে তার আর কোনও খোঁজ মিলছিল না। পরে বৃহস্পতিবার ওই মাঠে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়।