বুধবার সকালে ভাসি খাল থেকে উদ্ধার করা হয় আবুবকরের দেহ। খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে যুবককে।

ঘটনাস্থলের ছবি
শেষ আপডেট: 23 July 2025 19:56
দ্য ওয়াল ব্যুরো: ভাল লাগার মানুষকে কাছে পাওয়ায় আশায় তাঁর স্বামীকে খুন করলেন এক যুবক। বস্তায় ভরে দেহ ফেলে দিলেন খালে। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ।
নব্য মুম্বইয়ের ভাসি এলাকার ঘটনা। পুলিশ সূত্রে খবর, ২৫ বছরের ফতিমা মণ্ডল ও তাঁর ৩৫ বছরের স্বামী আবুবকর সুহাদলি মণ্ডল থাকতেন ওই এলাকায়। দীর্ঘদিন ধরে ফতিমার উপর নজর রেখেছিলেন ২১ বছরের আমিনুর আলি আহমেদ। ওই যুবক বারবার ফতিমাকে বিয়ের প্রস্তাব দিতেন। বারবার ফিরিয়ে দেওয়া সত্ত্বেও হাল ছাড়েননি।
সোমবার রাতে কাজে বেরিয়ে আর বাড়ি ফেরেননি আবুবকর। স্ত্রী ফতিমা ভাসি থানায় নিখোঁজ ডায়েরি করেন। পুলিশ তদন্ত শুরু করে জানতে পারে, ফতিমা আমিনুর নামে এক যুবকের কথা পুলিশকে জানিয়েছিলেন, যিনি তাঁকে জোর করে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, আমিনুরই খুন করেছেন আবুবকরকে। এক আধিকারিক জানান, খুনের পর দেহ একটি বস্তায় ভরে ফেলে দেওয়া হয় ভাসি খালে। প্রমাণ লোপাটের জন্য আবুবকরের জামাকাপড় ও অন্যান্য জিনিসপত্রও পাশের ড্রেনে ছুঁড়ে ফেলে দেন অভিযুক্ত।
বুধবার সকালে ভাসি খাল থেকে উদ্ধার করা হয় আবুবকরের দেহ। খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে যুবককে। খতিয়ে দেখা হচ্ছে, অপর একজন সহযোগীও এই ঘটনায় জড়িত ছিল কি না। শুরু হয়েছে তল্লাশি।
কিছুদিন আগে এমনই এক ঘটনায় শোরগোল পড়েছিল। সোশ্যাল মিডিয়ায় এক যুবতীকে দেখে ভাল লাগায় তাঁকে বার বার প্রেমের প্রস্তাব দেন ব্যক্তি। ব্যর্থ হলে যুবতির ভাই ও বাবার ওপর হামলা চালান। যদিও ঘটনায় দুজনই কোনওমতে প্রাণে বেঁচে যান।