তাঁর কথায়, "ভুয়ো ভোটার বাদ দেওয়া হলে বাংলায় তৃণমূলের আসন ৫০-র নীচে নেমে আসবে।"

ফাইল ছবি।
শেষ আপডেট: 9 September 2025 14:26
দ্য ওয়াল ব্যুরো: ভাটপাড়া বিধানসভা এলাকায় (Bhatpara) তৃণমূল কংগ্রেসের নেতাদের (Tmc leaders) ব্লক লেভেল অফিসার ( BLO) হিসেবে নিয়োগ করা হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ তুললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং (Arjun Sing)।
মঙ্গলবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিক বৈঠক ডেকে তিনি দাবি করেন, নির্বাচন কমিশনের নিয়ম লঙ্ঘন করে শাসকদলের একাধিক নেতাকে বিএলও হিসাবে নিয়োগ করা হয়েছে।
প্রাক্তন সাংসদের অভিযোগ, তৃণমূল শিক্ষা সেলের নেতা বিজেশ প্রসাদ, নেত্রী রাজলক্ষ্মী সাউ ও সিউজি সাউয়ের মতো একাধিক তৃণমূল কর্মীকে বিএলও হিসেবে নিযুক্ত করা হয়েছে। শুধু তাই নয়, অঙ্গনওয়াড়ি কর্মী ও স্কুলের নন-টিচিং স্টাফরাও এই তালিকায় রয়েছেন। যা নির্বাচন কমিশনের গাইডলাইনের সম্পূর্ণ পরিপন্থী বলে দাবি তাঁর।
সেইসঙ্গে এ দিন তিনি তুলে ধরেন ভুয়ো ভোটারের অভিযোগও। অর্জুনবাবুর দাবি, ভাটপাড়ায় অন্তত ৯,৩৭৭ জন ভুয়ো ভোটার রয়েছেন। এর মধ্যে কেউ মারা গিয়েছেন, কেউ রাজ্যের বাইরে থাকেন, আবার কারও নাম একাধিক ভোটার তালিকায়।
এই বিষয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে বলে জানান তিনি। তাঁর কথায়, "ভুয়ো ভোটার বাদ দেওয়া হলে বাংলায় তৃণমূলের আসন ৫০-র নীচে নেমে আসবে।"
অর্জুনের অভিযোগকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ শাসকদল। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন কী পদক্ষেপ করে, সে দিকেই এখন নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের।