তৃণমূলের বর্তমান বিধায়কদের মধ্যে ৩৩ শতাংশকেই এবার আর টিকিট দিলেন না দিদি। এ ব্যাপারে অনেক আগে থেকেই ইঙ্গিত দিচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
.jpeg.webp)
মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মনোজ তিওয়ারি
শেষ আপডেট: 17 March 2026 18:07
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা (TMC Candidate list 2026) ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাতে উল্লেখযোগ্যভাবে বাদ পড়াদের মধ্যে রইলেন হাওড়া শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি, জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্ত, মালদহের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, সাবিত্রী মিত্র, রত্না দে নাগ, পরেশ পাল-সহ ৭৪ জন বর্তমান বিধায়কের।
শুধু তাই নয়, মুকুল রায়ের মৃত্যুর পরে অনেকেই ভেবেছিলেন তাঁর ছেলে শুভ্রাংশু রায় হয়তো এবার তৃণমূলের টিকিট পাবেন। তবে তা হয়নি।
শুধু তাই নয়। টিকিট না-পাওয়ার তালিকায় রয়েছে আরও কিছু নাম। যেমন শ্রীরামপুরের ডাঃ সুদীপ্ত রায়, উত্তরপাড়ার কাঞ্চন মল্লিক, সপ্তগ্রামের তপন দাশগুপ্ত, বলাগড়ের মনোরঞ্জন ব্যাপারী, চুঁচুড়ার অসিত মজুমদার, ডোমজুড়ের কল্যাণ ঘোষ প্রমুখ।
সব মিলিয়ে, তৃণমূলের বর্তমান বিধায়কদের মধ্যে ৩৩ শতাংশকেই এবার আর টিকিট দিলেন না দিদি। এ ব্যাপারে অনেক আগে থেকেই ইঙ্গিত দিচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কালীঘাট সূত্রে বলা হচ্ছে, স্থানীয় স্তরে প্রতিষ্ঠান বিরোধিতা মোকাবিলার জন্যই এই পদক্ষেপ করা হয়েছে। অর্থাৎ ওই এলাকায় তৃণমূলের জেতার সম্ভাবনা রয়েছে। কিন্তু বর্তমান বিধায়ককে ফের প্রার্থী করলে হেরে যেতে পারত। তা ঠেকাতেই প্রার্থী বদল করা হয়েছে।
শুধু বর্তমান বিধায়কদের টিকিট না দেওয়া নয়, কিছু বর্তমান বিধায়কের আসন বদলও হয়েছে। সেই সংখ্যাটা হল ১৫। যেমন, ডেবরার বিধায়ক হুমায়ুন কবীরকে মুর্শিদাবাদের ডোমকলে পাঠিয়ে দেওয়া হয়েছে। ডেবরায় প্রার্থী করা হয়েছে প্রাক্তন সেচ ও বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে। আবার বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়কে পাঠিয়ে দেওয়া হয়েছে বেহালা পশ্চিমে। শোভনদেব চট্টোপাধ্যায়কে খড়দহ থেকে তুলে এনে বালিগঞ্জ বিধানসভায় প্রার্থী করা হয়েছে। সওকত মোল্লাকে ক্যানিংয়ের পরিবর্তে প্রার্থী করা হয়েছে ভাঙড়ে।
বস্তুত আসন বদলের জন্য তৃণমূলের অনেক বিধায়ক এবার আবদার জুড়েছিলেন। কিন্তু সবার সেই বায়নাক্কা শুনতে চায়নি কালীঘাট। যেমন জ্যোতিপ্রিয় মল্লিক চেয়েছিলেন হাবড়ার পরিবর্তে তাঁকে অন্য কোনও আসনে প্রার্থী করা হোক। তা শোনেনি দল।
বর্তমান বিধায়কদের মধ্যে ১৩৫ জনকে ফের টিকিট দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য ভাবে নতুনদের মধ্যে রয়েছেন চুঁচুড়ায় দেবাংশু ভট্টাচার্য, উলুবেড়িয়া পূর্বে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, খড়দহে দেবদীপ পুরোহিত ও বেলেঘাটায় কুণাল ঘোষ, নোয়াপাড়ায় তৃণাঙ্কুর ভট্টাচার্য, বেহালা পূর্বে শুভাশিস চক্রবর্তী, মহেশতলায় শুভাশিস দাস প্রমুখ।
হিসাব মতো তফসিলি জাতির ৭৮ জন, তফসিসি উপজাতির ১৭ জন এবং ৪৭ জন সংখ্যালঘুকে এবার প্রার্থী করা হয়েছে।