কয়েক মাস আগেই তৃণমূলে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন হয়েছে শোভন চট্টোপাধ্যায়ের। তাঁকে নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়
শেষ আপডেট: 17 March 2026 16:22
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার বিকেলে কালীঘাটে তাঁর বাসভবনে বসে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা (TMC Candidate list 2026) ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তালিকায় নজর করার মতোই নাম নেই কলকাতার প্রাক্তন মেয়র ও বর্তমানে এনকেডিএ-র চেয়ারম্যান শোভন চট্টোপাধ্যায়ের (Shovan Chatterjee)। বেহালা পূর্ব বিধানসভায় দীর্ঘদিন বিধায়ক ছিলেন শোভন। গত ভোটে সেই আসনে প্রার্থী করা হয়েছিল তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে। এবার বেহালা পূর্ব বিধানসভায় প্রার্থী করা হয়েছে শুভাশিস চক্রবর্তীকে আর বেহালা পশ্চিমে রত্নাকে প্রার্থী করেছে তৃণমূল। তাহলে শোভন কোথায়?
কয়েক মাস আগেই তৃণমূলে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন হয়েছে শোভন চট্টোপাধ্যায়ের। তাঁকে নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর থেকেই জল্পনা ছিল, শোভনকে বিধানসভা ভোটে কোন আসনে প্রার্থী করা হবে? অনেকে ধরেই নিয়েছিলেন শোভনের প্রত্যাবর্তন ঘটবে বেহালায়। কিন্তু তা হল না।
প্রশ্ন হল, তা হলে শোভনের ভবিষ্যৎ কী?
কালীঘাটের ঘনিষ্ঠ তৃণমূলের এক নেতার কথায়, এর বার্তা পরিষ্কার। এ হল ভবিষ্যতের এক বড় পরিবর্তনের ইঙ্গিত। এ বছর ডিসেম্বরে কলকাতা পুরসভায় (Kolkata Municipal election) ভোট হওয়ার কথা। সেই ভোটে প্রার্থী হবেন শোভন। ভোটেই তাঁকে মেয়র প্রোজেক্ট করা হবে কিনা এখনও স্পষ্ট নয়। কিন্তু কোনও অঘটন না ঘটলে শোভনকে ফের কলকাতার মহানাগরিক করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। এ ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও আপত্তি নেই বলে খবর। বরং বন্দ্যোপাধ্যায় পরিবারও মনে করে, কলকাতা পুরসভা পরিচালনায় যে প্রশাসনিক দক্ষতা শোভন দেখিয়েছেন, তার বিকল্প দলে নেই।
কালীঘাটের ঘনিষ্ঠ ওই সূত্রের মতে, শোভন চট্টোপাধ্যায়কেও হয়তো এই ইঙ্গিত দিয়ে রেখেছেন দিদি। তাই প্রার্থী তালিকায় নাম না থাকলেও শোভনের তরফে কোনও হতাশা সম্ভবত দেখা যাবে না। তবে কি, ডিসেম্বর এখনও মেলা দূর। রাজনীতিতে এত দীর্ঘ সময়ের মধ্যে অনেক কিছুই ঘটে যেতে পারে, যা আগে থেকে আন্দাজ করা যায় না।
বর্তমানে কলকাতার মেয়র হলেন ফিরহাদ হাকিম। রাজ্য মন্ত্রিসভার সদস্য থাকার পাশাপাশি কলকাতার মহানগরিক তিনি। এবার ভোটের আগে রটে যায় যে ববি হাকিম রাজ্যসভায় প্রার্থী হতে আগ্রহী। তাঁর বিধানসভা আসনে যেন প্রার্থী করা হয় তাঁর মেয়ে প্রিয়দর্শিনী হাকিমকে। কিন্তু সেই প্রস্তাব কালীঘাটের মনোগ্রাহী হয়নি।