রাজ্যের সিইও দফতরে তিন অফিসারকে পাঠাচ্ছে নির্বাচন কমিশন। বাংলায় এসআইআরের কাজ শেষ না হওয়া পর্যন্ত তাঁরা সিইও অফিসেই নিযুক্ত থাকবেন। এই তিন অফিসার দিল্লির নির্বাচন সদনে কাজ করতেন।

ফাইল ছবি
শেষ আপডেট: 26 November 2025 14:54
দ্য ওয়াল ব্যুরো: এসআইআর (SIR) প্রক্রিয়া চলছে পশ্চিমবঙ্গে (West Bengal)। আগামী ৪ ডিসেম্বর এনুমারেশন ফর্ম (Enumeration Form) ফিল-আপ করে জমা দেওয়ার শেষ দিন। তার আগে রাজ্যের সিইও দফতরে (CEO Office) তিন অফিসারকে (Three Officers) পাঠাচ্ছে নির্বাচন কমিশন (ECI)। বাংলায় এসআইআরের কাজ শেষ না হওয়া পর্যন্ত তাঁরা সিইও অফিসেই নিযুক্ত থাকবেন। এই তিন অফিসার দিল্লির নির্বাচন সদনে (Nirvachan Sadan) কাজ করতেন।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, প্রিন্সিপাল সেক্রেটারি বিসি পাত্র, সেক্রেটারি সৌমজিৎ ঘোষ এবং আন্ডার সেক্রেটারি বৈভব আগরওয়ালকে বাংলার সিইও অফিসে (WB CEO Office) পাঠানো হচ্ছে। তাঁরা রাজ্যের সিইও মনোজ আগরওয়ালের (Manoj Agarwal) তত্ত্বাবধানেই কাজ করবেন। এসআইআরের কাজ সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত তাঁরা রাজ্যেই থাকবেন।
রাজ্যের এসআইআরের কাজ নিয়ে প্রথম থেকেই নানা বিতর্ক। বর্তমানে বিএলও-দের একাংশ অতিরিক্ত কাজের চাপের অভিযোগ তুলে সিইও অফিস চত্বরে বিক্ষোভ দেখাচ্ছেন। অফিসের ভিতরেও কয়েকজন অবস্থান করেছিলেন তবে মঙ্গলবার সন্ধের পর তাঁরা সেখান থেকে বেরিয়ে যান সিইও-র সঙ্গে সাক্ষাৎ করার পর। যদিও বিক্ষোভের ঘটনা নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছে কমিশন।
সিইও অফিসের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কমিশন পুলিশের কাছ থেকে রিপোর্ট তলব করেছে। স্পষ্ট বলা হয়েছে, দুদিন অর্থাৎ ৪৮ ঘণ্টার মধ্যে তাদের অ্যাকশন টেকেন রিপোর্ট (Action Taken Report) জমা দিতে হবে। গত ২৪ নভেম্বরের ঘটনার রিপোর্ট হাতে পাওয়ার পরই এই পদক্ষেপ নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (ECI)।
কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি পাঠিয়ে কমিশন জানায়, সিইও-র দফতরে (CEO Office) যে পর্যায়ের নিরাপত্তা (Security) থাকা উচিত ছিল, তা স্পষ্টতই অপ্রতুল। ফলে সিইও, অ্যাডিশনাল সিইও (Ad CEO), জয়েন্ট ও ডেপুটি সিইও-সহ (Joint and Deputy CEO) দফতরের সমস্ত কর্মীর নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। কমিশনের এও দাবি, ঘটনার গুরুত্ব এতটাই বেশি যে তা ইতিমধ্যেই সংবাদমাধ্যমে তা আলোচনার কেন্দ্রে। তাই পরিস্থিতিকে হালকাভাবে নেওয়ার কোনও সুযোগ নেই।
কমিশনের পর্যবেক্ষণ, বর্তমান নিরাপত্তা ব্যবস্থায় সংশোধন জরুরি এবং দফতরের ভিতরে-বাইরে যাতায়াতকারী সব কর্মীর নিরাপত্তায় অবিলম্বে বাড়তি ব্যবস্থা নিতে হবে। চিঠিতে কমিশনের স্পষ্ট নির্দেশ, কলকাতা পুলিশকে (Kolkata Police) দ্রুত উদ্যোগ নিয়ে নিশ্চিত করতে হবে। সিইও দফতর, সংশ্লিষ্ট অফিসারদের আবাসন এবং তাঁদের যাতায়াত সব ক্ষেত্রেই নিরাপত্তা জোরদার হয়।
এর পাশাপাশি কমিশন জানিয়েছে, যে কোনও ধরনের সংবেদনশীল নথি বা তথ্য যাতে ভুল হাতে না যায়, সে বিষয়েও সতর্কতার সঙ্গে পদক্ষেপ করতে হবে।