দোকানের ভিতরে ঢুকে তৈরি করে রাখা ল্যাংচা ও রসগোল্লা খায়। এরপর এই দোকান থেকেও নগদ টাকা নিয়ে চম্পট দেয়।
.jpeg.webp)
শেষ আপডেট: 19 January 2026 19:17
দ্য় ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: দেওয়াল কেটে পরপর দুটি দোকানে দুঃসাহসিক চুরি। ইলেকট্রিক সামগ্রী লুটের পর মিষ্টির দোকানে বসে শীতের রাতে জমিয়ে গরম ল্যাংচা রসগোল্লা খেল চোর।
রবিবার গভীর রাতে দেওয়াল কেটে পরপর দুটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের ভাতার থানার শিবদা বাসস্ট্যান্ডে। নগদ টাকা ও লক্ষাধিক টাকার ইলেকট্রিক সামগ্রী চুরির পাশাপাশি মিষ্টির দোকানে ঢুকে ল্যাংচা ও রসগোল্লা খেয়ে যাওয়ার ঘটনায় চোরের দুঃসাহস দেখে হতবাক এলাকার বাসিন্দারা।
জানা গেছে, শিবদা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ব্যবসায়ী দেবাশিস মণ্ডলের ইলেকট্রিক সামগ্রীর দোকানে রবিবার গভীর রাতে চুরি হয়। অভিযোগ, দোকানের পিছন দিকের কংক্রিটের দেওয়াল কেটে ভিতরে ঢুকে চোর লক্ষাধিক টাকার ইলেকট্রিক তার, ফ্যান, গিজার সহ বিভিন্ন সামগ্রী এবং নগদ টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়।
এই দোকানের ঠিক পাশেই মিষ্টি ব্যবসায়ী রাম ঘোষের দোকান। সেখানেও মাটির দেওয়াল কেটে ঢোকে। দোকানের ভিতরে ঢুকে তৈরি করে রাখা ল্যাংচা ও রসগোল্লা খায়। এরপর এই দোকান থেকেও নগদ টাকা নিয়ে চম্পট দেয়।
সোমবার সকালে দোকান খুলতে গিয়ে বিষয়টি নজরে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরপর দুটি দোকানে একই কায়দায় চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় ব্যবসায়ীরা। ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। চোরের খোঁজে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।