ওবিসি মামলায় (OBC Case) সাময়িক স্বস্তি রাজ্যের। শুনানি এক মাস পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 12 August 2025 12:15
দ্য ওয়াল ব্যুরো: জয়েন্টের ফল (WBJEE Result) প্রকাশে আর কোনও বাধা রইল না। ওবিসি মামলার শুনানি এক মাস পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। কলকাতা হাইকোর্টের (Kolkta High Court) নির্দেশ মেনেই জয়েন্টের ফল প্রকাশ করতে হবে রাজ্যকে, জানিয়ে দিল শীর্ষ আদালত।
দীর্ঘ টালবাহানার পর ৭ অগস্ট, বৃহস্পতিবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল ঘোষণা হবে বলে জানানো হয়েছিল। কিন্তু ওবিসি সংক্রান্ত জটিলতার কারণে সেই ফলপ্রকাশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মামলায় নতুন ওবিসি তালিকা নিয়ে আপত্তি জানিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ।
সঙ্গে জটিলতা তৈরি হয় আরও ১০টি পরীক্ষার ফলপ্রকাশ নিয়ে। কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, নতুন ওবিসি তালিকা মেনে মেধাতালিকা প্রকাশ করা যাবে না। তালিকা প্রকাশ করলে তা করতে হবে পুরনো বিধি মেনেই।
রাজ্য জয়েন্ট এট্রান্স পরীক্ষা হয়েছিল গত ২৭ এপ্রিল। তার পর তিন মাস কেটে গেলেও সেই পরীক্ষার ফলপ্রকাশ হয়নি। শেষমেশ জানানো হয়েছিল, পরীক্ষার ফল ৭ অগস্ট ঘোষণা হবে। সেই ফল প্রকাশ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। শুধু ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষাই নয়, জয়েন্ট বোর্ডের নেওয়া সমস্ত পরীক্ষার ফল নিয়েই জটিলতা তৈরি হয়।
এগুলির মধ্যে বিটেক, বিফার্ম, বিআর্কিটেকচার, নার্সিং, প্যারামেডিক্যাল, জয়েন্ট এন্ট্রান্স ল্যাটেরাল এন্ট্রি টেস্ট (জেইএলইট), প্রেসিডেন্সির স্নাতক ও স্নাতকোত্তরের প্রবেশিকা পরীক্ষা-সহ একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে। যার উপর নির্ভর করে আছে রাজ্যের লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ।