শুধু জয়েন্ট এন্ট্রান্স নয়, বোর্ডের অন্যান্য পরীক্ষার ফলও আটকে গেছে। এতে রাজ্যের প্রায় ৩ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।

ব্রাত্য বসু
শেষ আপডেট: 8 August 2025 14:36
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (WBJEE) ফলপ্রকাশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ওবিসি তালিকা (OBC) সংক্রান্ত যে নির্দেশ দিয়েছিল তারপর রাজ্য সরকার (WB Govt) জানাল, তারা সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হতে চলেছে। শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) বলেন, ‘‘হাইকোর্ট এমন রায় দেবে, তা ভাবিনি। আজই সুপ্রিম কোর্টে আর্জি জানানো হবে।’’
এ বছর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ হওয়ার কথা ৭ অগস্ট। কিন্তু বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্ট জানায়, নতুন ওবিসি তালিকা মেনে কোনও মেধাতালিকা (Merit List) প্রকাশ করা যাবে না।
বিচারপতি কৌশিক চন্দ বলেন, আপাতত নতুন তালিকা অনুসারে ১০টি পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করা যাবে না। ২০১০ সালের আগের ওবিসি শংসাপত্রই (OBC) এই মুহূর্তে বৈধ বলে মানতে হবে। আর ২০১০ সালের আগের ৬৬টি ওবিসি সম্প্রদায় (OBC) নিয়ে হবে নতুন প্যানেল। ওবিসি-র জন্য ৭ শতাংশ সংরক্ষণ থাকবে। আর ১৫ দিনের মধ্যে আদালতের এই নির্দেশ কার্যকর করতে হবে।
ফলে, শুধু জয়েন্ট এন্ট্রান্স নয়, বোর্ডের অন্যান্য পরীক্ষার ফলও আটকে গেছে। এতে রাজ্যের প্রায় ৩ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।
বিষয়টি নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী সংবাদমাধ্যমে বলেন, ‘‘সুপ্রিম কোর্টের রায়ের পর হাইকোর্টের অন্য ভাবনা হতে পারে, এই ধারণা ছিল না। এই বিষয়ে আইনি পথেই যাব। হাইকোর্টের রায়ের ফলে একটা নতুন জট সৃষ্টি হয়েছে। আশা করি দ্রুত তার সমাধান হবে।’’
এই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্ট যে প্রথম থেকেই অসন্তুষ্ট ছিল তা স্পষ্ট। এদিনও বিচারপতি জানান, হাইকোর্টের ২০২৪ সালের ওবিসি রায় লঙ্ঘন করা হয়েছে। সেই প্রেক্ষিতেই নতুন করে প্যানেল তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।