নাবালককে কেন কাজে নেওয়া হয়েছিল, উঠেছে সেই প্রশ্নও।
.jpeg.webp)
পথ অবরোধে গ্রামবাসীরা।
শেষ আপডেট: 4 June 2025 14:02
দ্য ওয়াল ব্যুরো: চুরির অভিযোগে কলকাতার মহেশতলার পোশাকের কারখানায় এক কিশোরকে উল্টো করে ঝুলিয়ে মারধর, বিদ্যুৎ শক দেওয়ার ঘটনায় (Teenager allegedly beaten) এবার উত্তাল হয়ে উঠল উত্তর দিনাজপুরের ইসলামপুর (Islampur)। ঘটনার পর থেকেই পলাতক কারখানার মালিক তথা মূল অভিযুক্ত শেখ শাহেনশা।
তাঁর গ্রেফতারির দাবিতে বুধবার সকাল থেকে ইসলামপুর রাজ্য সড়ক অবরোধ করে রেখেছেন আক্রান্ত কিশোরের পরিবার এবং স্থানীয়দের একাংশ। নাবালককে কেন কাজে নেওয়া হয়েছিল, উঠেছে সেই প্রশ্নও।
স্থানীয় সূত্রের খবর, অবরোধের জেরে ইসলামপুরের সংশ্লিষ্ট রাজ্য সড়কে তীব্র যানজট তৈরি হয়। পরে পুলিশ গিয়ে অবরোধ হঠাতে গেলে উত্তেজনা আরও বাড়ে। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন একাংশ গ্রামবাসী। ঘটনায় পুলিশ দু'জনকে গ্রেফতারও করে। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অবরোধ হঠিয়ে দিলেও এলাকায় তীব্র উত্তেজনা রয়েছে।
ইসলামপুর পুলিশ সুপার জবি থমাস বলেন, “পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। আক্রান্ত কিশোরের পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।"
পুলিশ সূত্রের খবর, আক্রান্ত ওই কিশোরের নাম সামসাদ আলি (১৪)। বাড়ি উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার ছোঘরিয়া এলাকায়। আক্রান্ত কিশোরের পরিবার জানিয়েছে, ছোঘরিয়া এলাকার বাসিন্দা শাহেনসা নামে এক ব্যক্তি কলকাতায় জিন্স প্যান্টের ওয়াশ কারখানা খুলেছে। সেই কারখানায় কাজ দেওয়ার নাম ওই গ্রামেরই একেই পরিবারের দুই ভাই সামসাদ আলি ও আনসার আলিকে নিয়ে যায়। প্রায় দেড় মাস ধরে সেখানেই কাজ করত ওই দুই ভাই।
পরিবারের অভিযোগ, মোবাইল চুরির অভিযোগে গত বৃহস্পতিবার কারখানার মালিক শাহেশনা সামসাদকে দড়ি দিয়ে উল্টো করে ঝুলিয়ে বেধড়ক মারধর করে। এমনকী বিদ্যুতের শকও দেওয়া হয় বলে অভিযোগ। সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই আতঙ্কিত হয়ে পড়েন আক্রান্ত কিশোরের পরিবার। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।