শিক্ষা দফতরের নিয়োগ প্রক্রিয়া ঘিরে ফের দুর্নীতির অভিযোগ।

ফাইল ছবি।
শেষ আপডেট: 23 July 2025 14:10
দ্য ওয়াল ব্যুরো: শিক্ষা দফতরের নিয়োগ প্রক্রিয়া ঘিরে ফের দুর্নীতির অভিযোগ। আপার প্রাইমারি স্তরে (Primary Teacher Scam ) শিক্ষক পদে (Teacher Recruitment) চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোটি টাকা আদায়ের অভিযোগ উঠেছে স্বাস্থ্য ভবনের এক আধিকারিকের বিরুদ্ধে ( Health Department )।
অভিযোগ, বিপুল অঙ্কের টাকা নেওয়ার পরও চাকরি না পেয়ে প্রতারণার শিকার হয়েছেন একাধিক চাকরিপ্রার্থী। এই ঘটনায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court ) দ্বারস্থ হয়েছেন এক ভুক্তভোগী। সিবিআই তদন্তের দাবি জানিয়ে আদালতে দায়ের হয় রিট পিটিশন। বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলায় রাজ্য পুলিশের তদন্তের অগ্রগতির রিপোর্ট তলব করেছেন।
পুলিশকে মামলার কেস ডায়েরি আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। পাশাপাশি, আবেদনকারী পরিবারের নিরাপত্তার বিষয়টিও বিবেচনা করতে বলা হয়েছে নিম্ন আদালতকে।
এদিকে, স্বাস্থ্যভবনের এক আধিকারিক কীভাবে শিক্ষা দফতরের নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করলেন, তা নিয়েও উঠছে প্রশ্ন। আদালতের পর্যবেক্ষণে উঠে আসে, "চাকরি দেওয়ার নামে এই ধরনের প্রতারণা সমাজের দুর্বল শ্রেণিকে বিপন্ন করে তোলে।"
বিষয়টি প্রকাশ্যে আসতেই তীব্র শোরগোল ছড়িয়েছে। যদিও এ ব্যাপারে শিক্ষা দফতর বা স্বাস্থ্য দফতরের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে।