সাসপেন্ড শুভেন্দু! মুখ্যমন্ত্রীর বক্তৃতার দিন বিজেপির বড় আন্দোলনের ইঙ্গিত। বিস্তারিত পড়ুন এখানে…

শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 2 September 2025 23:13
দ্য ওয়াল ব্যুরো: বাংলা ভাষার উপর আক্রমণ এর প্রতিবাদে মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় শুরু হয়েছে আলোচনা পর্ব। আর শুরুর দিনেই বিতর্কে জড়িয়ে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে। যার জেরে চলতি অধিবেশনের জন্য শুভেন্দুকে সাসপেন্ড করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এমন পরিস্থিতিতে ৪ সেপ্টেম্বর বাংলা ভাষার উপর আক্রমনের প্রস্তাবের উপর বিধানসভায় যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee) ভাষণ দেবেন, তখন সেখানে উপস্থিত থাকতে পারবেন না বিরোধী দলনেতা। যা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে।
বিজেপির তরফে ইতিমধ্যেই স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে বিজেপি সূত্রের দাবি, শুভেন্দুর অনুপস্থিতিতে বিজেপির বাকি বিধায়করা সেদিন বিধানসভার ভেতরে সোচ্চার হবেন। এমনকি বিধানসভায় প্রবেশ করতে না পারলেও ঘটনা প্রতিবাদে ৪ সেপ্টেম্বর বিধানসভার গাড়ি বারান্দায় প্রতিবাদ অবস্থানে বসতে পারেন বিরোধী দলনেতা।
প্রসঙ্গত, অতীতে বিধানসভায় গোলমালের অভিযোগে (২৩ জুন) এদিনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-সহ বিজেপি বিধায়কদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেননি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তারপর কয়েক ঘণ্টাও অতিক্রান্ত হয়নি।
ঘটনার সূত্রপাত, বাংলা ভাষার উপর আক্রমণ নিয়ে এদিন বিধানসভায় আলোচনার প্রস্তাব এনেছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সেই প্রস্তাব নিয়ে আলোচনার সময় নাটকীয় মোড় নেয় বিধানসভায়। বক্তব্য রাখছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোমবার মেয়োরোডে তৃণমূলের ভাষা দিবসের মঞ্চ খোলার অভিযোগ উঠেছিল সেনার বিরুদ্ধে। এ ব্যাপারে নিজের ভাষণে সেনার ভূমিকার সমালোচনা করেন ব্রাত্য। ঠিক তখনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাধা দেন। বলেন, “এভাবে ভারতীয় সেনা নিয়ে কথা বলা যায় না।” এরপরই তিনি একাধিকবার উচ্চস্বরে ‘ইন্ডিয়া আর্মি জিন্দাবাদ’ স্লোগান দিতে শুরু করেন।
স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাঁকে সতর্ক করেন। কিন্তু শুভেন্দু তাতে কর্ণপাত করেননি বলেই অভিযোগ। বিধানসভা কক্ষের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শেষমেশ শুভেন্দুকে সাসপেন্ড করেন স্পিকার।