তিনি এও মনে করান, বর্তমানে সকলেই অ-ভোটার। এসআইআর-এর ফলে এমন ভোটার তালিকা তৈরি হবে সেখানে থাকবে না কোনও মৃত ভোটার, অ-ভারতীয় ভোটার বা অনুপ্রবেশকারী বাংলাদেশি, রোহিঙ্গাদের নাম।

শুভেন্দু অধিকারী
শেষ আপডেট: 29 October 2025 14:04
দ্য ওয়াল ব্যুরো: জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বুধবার আমতলায় (Amtala) গেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তবে উৎসব আবহেও এসআইআর এবং আসন্ন নির্বাচন নিয়ে কথা না বলে থাকতে পারলেন না তিনি। সেখানকার মানুষকে নির্বাচন কমিশনের (ECI) পাশে থাকার বার্তা দিয়েছেন শুভেন্দু। বলেছেন, কমিশনকে সহায়তা করলেই স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হবে।
বাংলায় শাসক দল তৃণমূল কংগ্রেস শুরু থেকে এসআইআর-এর (SIR) বিরোধিতা করে আসছে। তবে বিজেপি দাবি করেছিল, তারা আদতে ভয় পেয়েছে। এসআইআর হলে ১ কোটির বেশি অবৈধ ভোটারের নাম বাদ যাবে যা আদতে তৃণমূলের ভোটব্যাঙ্ক। এই কারণেই বিরোধিতা। এই পরিপ্রেক্ষিতে এদিন শুভেন্দু স্পষ্ট করেন, ''আমিও চাই ভারতীয়রা আমাকে ভোট (Indian Voters) দিয়ে বিধায়ক করুন। অ-ভারতীয়রা কেন ভোট দেবে? তাই নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে সহযোগিতা করতে হবে।''
শুভেন্দু আরও বলেন, ''আমতলায় ইভিএমে (EVM) সেলোটেপ লাগিয়ে দেওয়া হয়। এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। সেই কারণে নির্বাচন কমিশনকে সহায়তা করতে হবে। তাহলেই স্বচ্ছ ভোটার তালিকা (Voter List) তৈরি সম্ভব।'' তিনি এও মনে করান, বর্তমানে সকলেই অ-ভোটার। এসআইআর-এর ফলে এমন ভোটার তালিকা তৈরি হবে সেখানে থাকবে না কোনও মৃত ভোটার, অ-ভারতীয় ভোটার বা অনুপ্রবেশকারী বাংলাদেশি, রোহিঙ্গাদের নাম।
এসআইআর নিয়ে অন্যান্য রাজ্যে যত না উত্তেজনা তার থেকেও বেশি উত্তেজনা বাংলায় (West Bengal)। কারণ এখানকার শাসক দলের অভিযোগ, কেন্দ্র আর নির্বাচন কমিশন মিলে ভোটার তালিকা থেকে বিজেপি বিরোধী ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে। তবে শুভেন্দুর পাল্টা, ''ডবল এন্ট্রি, ত্রিপল এন্ট্রির ভোটার, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে। এতো ভাল কথা। ভুয়ো ভোটার বাদ যাবে, পরিচ্ছন্ন ভোটার তালিকাই নির্বাচনের সবচেয়ে বড় হাতিয়ার হওয়া উচিত।''
গত সোমবার পশ্চিমবঙ্গ (West Bengal) সহ ১২টি রাজ্যে এসআইআর (SIR) ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (ECI)। এই সময়ের মধ্যেই নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা, মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়া এবং নাম, ঠিকানা, বয়স, লিঙ্গ ইত্যাদি তথ্যের সংশোধন করা যাবে।
মঙ্গলবার বিষয়টি নিয়ে সর্বদল বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO West Bengal) মনোজ কুমার আগরওয়াল (Manoj Agarwal)। পরে তিনি সাংবাদিক সম্মেলন করে সকলকে আশ্বাস দিয়ে বলেন, এমন ভোটার তালিকা তৈরি করা হবে, যা ১০০ শতাংশ স্বচ্ছ হবে।
এসআইআর নিয়ে যারা আতঙ্কিত তাদের উদ্দেশে তাঁর আশ্বাসবার্তা, 'এটা (এসআইআর) তো প্রথম হচ্ছে না। ফলে এটা নিয়ে আশঙ্কা করার কিছু নেই। এটা একটা প্রকল্প, জাতীয় নির্বাচন কমিশন যার তদারকি করে। এর আগে দেশে এমন হয়েছে। সম্প্রতি বিহারেও হয়েছে। তাই কেউ ভয় পাবেন না।'