মৃত ভোটার! বিজেপি অনেক আগে থেকেই দাবি করে আসছে যে, মৃত এবং ভুয়ো ভোটারদের কাজে লাগিয়ে ভোটব্যাঙ্ক বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস। আর এসআইআর হলে এদের নামই ভোটার তালিকা থেকে বাদ যাবে, তাই শাসক শিবিরের মাথাব্যাথা, যন্ত্রণা বাড়ছে।

শুভেন্দু অধিকারী
শেষ আপডেট: 17 November 2025 16:20
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গে এসআইআরের (West Bengal SIR) কাজ চলছে। এতদিনে প্রায় ৮ কোটি ফর্ম বিলি হয়েছে। ফিল-আপ করা ফর্ম সংগ্রহের কাজও শুরু হওয়ার মুখে। এই অবস্থায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে (TMC) ফের নিশানায় নিয়ে তাদের ভোট দেওয়ার 'রীতি' ব্যাখ্যা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বললেন, এসআইআর নিয়ে তৃণমূলের যন্ত্রণার আসল কারণ বোঝা গেছে।
মৃত ভোটার (Dead Voters)! বিজেপি অনেক আগে থেকেই দাবি করে আসছে যে, মৃত এবং ভুয়ো ভোটারদের (Fake Voters) কাজে লাগিয়ে ভোটব্যাঙ্ক বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। আর এসআইআর হলে এদের নামই ভোটার তালিকা থেকে বাদ যাবে, তাই শাসক শিবিরের মাথাব্যাথা, যন্ত্রণা বাড়ছে। শুভেন্দুর কথায়, ''তৃণমূলের ভেঙে পড়ার কারণ পরিষ্কার। মৃত ভোটার। এ জন্যই আতঙ্কে ঘুম হচ্ছে না। প্ল্যান বি, প্ল্যান সি (Plan B and Plan C) বানাতে হচ্ছে।'' বিষয়টি খোলসা করে বুঝিয়েছেন শুভেন্দু।
বিজেপি বিধায়কের সাফ কথা - বিকেলবেলা ক্যামেরা (Camera) অন করে হোক কী অফ করে, সকালের পোশাক বদল করে বিকেলে আরও একটা পোশাক পরে ভোট দেওয়া হয়। মাঝে মাঝে ক্যামেরায় দাড়ি কাটার ফোম মেরেও ভোটদান চলে। কোনও বুথে তো ডবল ভোটও দেওয়া হয়। এসআইআর হলে এই সব কাণ্ড আর করা যাবে না, তাই ঘুম উড়েছে তৃণমূলের বলে দাবি করেছেন বিরোধী দলনেতা।
মাত্র কয়েকদিন আগেই ১৩ লক্ষ ডবল এন্ট্রির 'প্রমাণ' দিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সিইও দফতরে (CEO Office) গিয়ে এই সংক্রান্ত তথ্য জমা দেন তিনি। বিপুল নথি জমা দিয়ে তিনি দাবি করেন - ভোটার তালিকায় ১৩ লক্ষ ২৫ হাজার ডবল এন্ট্রি (Double Entry) রয়েছে। সেই তথ্যের পুঙ্খানুপুঙ্খ হিসেবই দেওয়া হয়েছে কমিশনে।
শুভেন্দু অধিকারীর দেওয়া তথ্য অনুযায়ী, ১৩ লক্ষ ২৫ হাজার নাম রয়েছে যাদের ডবল বা ট্রিপল এন্ট্রি রয়েছে। কিন্তু অন্য ইস্যুতে কমিশনের ভূমিকার সমালোচনাও করেছেন তিনি। অভিযোগ, ৫ হাজার ৭০০ বিএলও-র রাজনৈতিক পরিচয়সহ অভিযোগ জমা দেওয়ার পরও কমিশন এখনও পর্যন্ত কোনও রিপোর্ট দেয়নি। বিজেপির তরফে এও দাবি করা হয়েছে, কমিশন জানিয়েছে তারা ৭০ শতাংশ রিপোর্ট পেয়েছে, তবে তার সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে। আরও জানান হয়েছে, এ পর্যন্ত ৩০০ জন বিএলও বদলি করা হলেও মূল অভিযোগের সুরাহা হয়নি।
মৃত ভোটার নিয়ে বিজেপি দাবি করেছে, নন-আধার মৃতের সংখ্যা ১৩ লক্ষ, আধার-সংযুক্ত মৃতের সংখ্যা ৩৩ লক্ষ। এই তথ্য নির্বাচন কমিশনকে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি বিজেপির দাবি, যাদের ভাতা বন্ধ হয়েছে (যেমন মৃত ভোটারদের), সেই তথ্য সরকার থেকে কমিশন যেন সরাসরি সংগ্রহ করে।
সিইও অফিসে বসে ভুয়ো ভোটারদের উদ্দেশে শুভেন্দু অধিকারীর সরাসরি হুঁশিয়ারি - যারা জল মিশিয়ে ভোটার তালিকায় থাকার চেষ্টা করছেন, তাদের কপালে দুর্ভোগ আছে।