এবারের নির্বাচনে ভবানীপুর এবং নন্দীগ্রাম - এই দুই গুরুত্বপূর্ণ আসন থেকে লড়াই করছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই তিনি প্রচার শুরু করেছেন। তবে সেই সঙ্গে আইনি দিকটিও সুরক্ষিত রাখতে তৎপর হয়েছেন বলে রাজনৈতিক মহলের একাংশের মত।

শুভেন্দু অধিকারী
শেষ আপডেট: 19 March 2026 13:11
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে ফের আইনি লড়াইয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নিজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সংখ্যা ও বিস্তারিত তথ্য না পাওয়ার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন তিনি। মনোনয়ন জমা দেওয়ার আগেই এই বিষয়ে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন বিজেপি নেতা।
এবারের নির্বাচনে ভবানীপুর এবং নন্দীগ্রাম - এই দুই গুরুত্বপূর্ণ আসন থেকে লড়াই (BJP Candidate List 2026) করছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই তিনি প্রচার শুরু করেছেন। তবে সেই সঙ্গে আইনি দিকটিও সুরক্ষিত রাখতে তৎপর হয়েছেন বলে রাজনৈতিক মহলের একাংশের মত।
শুভেন্দুর অভিযোগ, তাঁর বিরুদ্ধে কতগুলি মামলা রয়েছে, সেই বিষয়ে পুলিশ কোনও নির্দিষ্ট তথ্য দিচ্ছে না। অথচ নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীকে ফর্ম-২৬ জমা দিতে হয়। সেই হলফনামায় ব্যক্তিগত তথ্যের পাশাপাশি সমস্ত অপরাধমূলক মামলার বিস্তারিত উল্লেখ বাধ্যতামূলক।
প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক মামলা আগে থেকেই দায়ের হয়েছিল। সেই প্রেক্ষিতে আইনি সুরক্ষার জন্য তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। ২০২২ সালের ডিসেম্বর মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছিলেন, আদালতের অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে নতুন করে কোনও এফআইআর দায়ের করা যাবে না।
তবে পরবর্তীতে ২০২৫ সালের ২৪ অক্টোবর বিচারপতি জয় সেনগুপ্ত সেই সুরক্ষাকবচ তুলে নেন। আদালতের পর্যবেক্ষণ ছিল, এ ধরনের অন্তর্বর্তী সুরক্ষা অনির্দিষ্টকাল ধরে চলতে পারে না। যদিও একই সঙ্গে আদালত শুভেন্দুকে বড় স্বস্তি দেয়। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া ১৫টি মামলা খারিজ করে দেওয়া হয়, যা আদালতের মতে ভিত্তিহীন বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল।
এরই মধ্যে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় তাঁর কনভয়ে হামলার ঘটনায় নতুন করে মামলা দায়ের হয়। সেই মামলায় ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁকে অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছিল হাইকোর্ট।
এই পরিস্থিতিতে মনোনয়ন জমা দেওয়ার আগে নিজের বিরুদ্ধে থাকা মামলার পূর্ণাঙ্গ তথ্য জানতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
সব মিলিয়ে, ভোটের ময়দানে নামার আগেই আইনি জটিলতায় জড়ালেন বিজেপির অন্যতম মুখ। এখন আদালতের নির্দেশ কী হয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।