রবিবার সুকান্ত মজুমদার বলেন, তাঁর কাছে ‘খবর’ আছে, “অভিষেক নন্দীগ্রামে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। তাই নাকি তাঁর ঘনিষ্ঠ পুলিশ আধিকারিকদের ওই জেলায় বদলি করা হচ্ছে। উপমুখ্যমন্ত্রী হওয়ার শখ, তাই নন্দীগ্রাম থেকে লড়বেন।”
.jpeg.webp)
গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 1 December 2025 13:49
দ্য ওয়াল ব্যুরো: ছাব্বিশের বিধানসভা ভোটের আর মাত্র কয়েক মাস বাকি। এসআইআরের আবহে উত্তেজনায় টগবগ করছে রাজনীতি। এমন পরিস্থিতিতে রবিবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) দাবি করেছিলেন, নন্দীগ্রাম (Nandigram) থেকে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে ভোটে নামার প্রস্তুতি নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
সোমবার সেবাশ্রয়–২-এর সূচনা অনুষ্ঠানে সেই প্রশ্নই ছুড়ে দেওয়া হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছে। অভিষেকের স্পষ্ট জবাব, “ওটা সুকান্ত মজুমদারের মনের সুপ্ত বাসনা হতে পারে। তৃণমূলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত তৃণমূলই নেবে।”
এরপর খানিক থেমে তাঁর সংযোজন, “দল আমাকে যেভাবে, যেখানে কাজে লাগাবে—আমি সেভাবেই কাজ করব। দল যদি বলে নন্দীগ্রামে দাঁড়াতে, দাঁড়াব। বলে দার্জিলিংয়ে দাঁড়াতে, সেখানে দাঁড়াব।”
পর্যবেক্ষকদের অনেকের মতে, অভিষেক কৌশলগত কারণেই সরাসরি 'হ্যাঁ' কিংবা 'না' তে জবাব দেননি। বরং সুকান্তকে কটাক্ষ করে বলেছেন, “অতই যদি পারদর্শী হন, তা হলে ৮ হাজার ভোটে জিততেন না!”
জল্পনার সূত্রপাত কোথায়?
রবিবার সুকান্ত মজুমদার বলেন, তাঁর কাছে ‘খবর’ আছে, “অভিষেক নন্দীগ্রামে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। তাই নাকি তাঁর ঘনিষ্ঠ পুলিশ আধিকারিকদের ওই জেলায় বদলি করা হচ্ছে। উপমুখ্যমন্ত্রী হওয়ার শখ, তাই নন্দীগ্রাম থেকে লড়বেন।”
যদিও পরে নিজের মন্তব্যকে খানিক সংশোধন করে বলেন, “আমরা ঠিক করেছি, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই দাঁড়াবেন, সেখানেই তাঁকে হারাব।” যা শুনে শুভেন্দুও বলেছিলেন, "অভিষেক নন্দীগ্রামে দাঁড়ালেও ওকে কেউ ভোট দেবে না।”
যদিও সুকান্তের দাবি উড়িয়ে তৃণমূলের প্রত্যুত্তর, “লোকসভা ভোটের পর থেকেই বিজেপির শীর্ষ নেতৃত্বের অপছন্দের তালিকায় শুভেন্দু। নন্দীগ্রামে পঞ্চায়েতেও তৃণমূল জিতেছে। তাই আসন ধরে রাখাই এখন শুভেন্দুর আসল চ্যালেঞ্জ।” দলের একাংশের কথায়, “এখানে অভিষেক-মমতা লাগবে না। বুথস্তরের এক সাধারণ তৃণমূল প্রার্থীই শুভেন্দুকে হারাবে।”