শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অস্বস্তির শেষ নেই। এরই মধ্যে বর্তমানে এসএসসি চাকরি বাতিলের ইস্যুতে রাজ্য তোলপাড়। বিতর্কে সেই তৃণমূল কংগ্রেস। এত পর্যন্ত ঠিক ছিল। তবে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যে দাবি করলেন তা আরও আলোড়ন সৃষ্টি করল।

ফাইল ছবি
শেষ আপডেট: 31 May 2025 17:55
দ্য ওয়াল ব্যুরো: শিক্ষক নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC) অস্বস্তির শেষ নেই। এরই মধ্যে বর্তমানে এসএসসি চাকরি বাতিলের (SSC Scam) ইস্যুতে রাজ্য তোলপাড়। বিতর্কে সেই তৃণমূল কংগ্রেস। এত পর্যন্ত ঠিক ছিল। তবে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder) যে দাবি করলেন তা আরও আলোড়ন সৃষ্টি করল। রাজ্যের এক মন্ত্রীর বিরুদ্ধে তিনি তৃণমূল নেতার মেয়েকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ করেছেন।
নিয়োগ দুর্নীতিতে একাধিক তৃণমূল নেতার নাম জড়িয়েছে। তাঁদের মধ্যে সবচেয়ে বড় নাম প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বর্তমানে জেলে। অন্যান্য নেতাদের কেউ কেউ অবশ্য জামিন পেয়েছেন তবে আগামী দিনে শাসক দলের আরও কেউ গ্রেফতার হতে পারেন, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। এই অবস্থায় রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে বিরাট অভিযোগ করলেন সুকান্ত মজুমদার। দাবি, তিনি মালদহের তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সীর মেয়েকে নিজের দফতরে চাকরি পাইয়ে দিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় এই অভিযোগ করে একটি পোস্ট করেছেন বিজেপি রাজ্য সভাপতি। বলেছেন, বিশেষ প্রভাব খাটিয়ে মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সির মেয়েকে চাকরি পাইয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের সেচ এবং জলপথ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন! যুবসমাজকে অন্ধকারে রাখার কাজ চালিয়ে যাচ্ছে তৃণমূল সরকার, এমনই অভিযোগ সুকান্তর।

বর্তমানে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা পথে নেমে আন্দোলন করছেন। রবিবার রাজ্যজুড়ে ধিক্কার মিছিলের ডাক দেওয়া হয়েছে। তাঁদেরও অভিযোগ, তাঁরা প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার। সরকারের তরফে যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়ানোর শুধু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আখেরে কোনও পদক্ষেপই নেওয়া হয়নি। বরং দুর্নীতি যারা করেছে তাদের পরোক্ষভাবে সরকার সমর্থন করছে বলেই দাবি করা হয়েছে।
সুকান্তর বক্তব্যও এক। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ''লক্ষ লক্ষ মেধাযুক্ত, যোগ্য বেকার যুবক-যুবতী যখন চাকরির দাবি নিয়ে ফুটপাথে রাত কাটাচ্ছে, তখন নিঃশব্দে... রাজ্যের অসহায় যুবসমাজকে অন্ধকারে রেখে আর কতদিন এমন ধারাবাহিক কীর্তিকলাপ চালিয়ে যাবে মাননীয়ার সরকার?'' প্রসঙ্গত, সুকান্ত দাবি করেছেন, রাজ্য সরকারের সেচ দফতরে ‘পার্সোনাল আ্যাটেনডেন্ট’ পদে নিয়োগ করা হয়েছে আব্দুর রহিম বক্সীর মেয়ে আসিফার শবনমকে।