স্কুলের হস্টেলেই থাকত সে। দুর্গাপুজোর ছুটিতে বাড়ি গিয়েছিল, তারপর ২৮ অক্টোবর হস্টেলে ফেরে। গত দু’দিন নিয়মিত ক্লাসও করেছিল।

প্রতীকী ছবি।
শেষ আপডেট: 1 November 2025 09:45
দ্য ওয়াল ব্যুরো: ভোরবেলা যখন স্কুল চত্বর নিস্তব্ধ, ঠিক তখনই শোরগোল পড়ে যায় সবংয়ের দশগ্রাম সতীশচন্দ্র সর্বার্থসাধক শিক্ষাসদন স্কুলে (Sabong, school)। ক্লাসরুম থেকে উদ্ধার হয় দশম শ্রেণির ছাত্র অভিনন্দন সামন্তের ঝুলন্ত দেহ (student's hanging body, classroom)। মাত্র ১৬ বছর বয়সের তরতাজা কিশোর, সামনের বছর মাধ্যমিক, আর সেই ছাত্রের এমন পরিণতিতে শোকস্তব্ধ স্কুলজুড়ে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে। খবর পেয়ে তৎক্ষণাৎ স্কুলে পৌঁছায় সবং থানার পুলিশ। ছাত্রটিকে উদ্ধার করে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয় এবং খবর দেওয়া হয় পরিবারের সদস্যদেরও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্র অভিনন্দন সামন্তর (১৬) বাড়ি সবংয়েরই বিষ্ণুপুর এলাকায়। স্কুলের হস্টেলেই থাকত সে। দুর্গাপুজোর ছুটিতে বাড়ি গিয়েছিল, তারপর ২৮ অক্টোবর হস্টেলে ফেরে। গত দু’দিন নিয়মিত ক্লাসও করেছিল। কিন্তু শুক্রবার ভোরে স্কুলের একটি ক্লাসরুমে তার ঝুলন্ত দেহ দেখতে পান অন্যান্য পড়ুয়ারা ও শিক্ষকেরা।
স্কুলের এক শিক্ষক বলেন, “গতকাল রাত পর্যন্ত ওকে একদম স্বাভাবিকই দেখেছি। পড়াশোনা করে খাওয়া-দাওয়া সেরে হস্টেলে ঘুমোতে গিয়েছিল। সকালে ক্লাসরুমে এমন অবস্থায় দেখে বিশ্বাসই হচ্ছিল না।”
কী কারণে অভিনন্দন আত্মঘাতী হল, তা এখনো পরিষ্কার নয়। এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। সবং থানার পুলিশ জানিয়েছে, “ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।”
স্কুলজুড়ে এখন স্তব্ধতা, সহপাঠীদের চোখে জল। এক শিক্ষকের কথায়, “খুব শান্ত, ভদ্র ছেলে ছিল। এমন সিদ্ধান্ত নিতে পারে, ভাবতেই পারছি না।”