শুক্রবার ভবানী ভবন থেকে এই সংক্রান্ত ইস্যুতে জারি করা হয়েছে নির্দেশিকা। স্পষ্ট বলা হয়েছে, এর লক্ষ্য - তদন্ত থেকে প্রশাসনিক কাজ, পরিকল্পনা থেকে প্রশিক্ষণ, সব ক্ষেত্রেই প্রযুক্তিনির্ভর দক্ষতা বাড়ানো।

ছবি - এআই
শেষ আপডেট: 31 October 2025 15:08
দ্য ওয়াল ব্যুরো: দক্ষতা বাড়াতে আধুনিক প্রযুক্তির হাত ধরে এগোচ্ছে রাজ্য পুলিশ (West Bengal Police)। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-(AI) কে কাজে লাগাতে এবার বিশেষ সেল গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন রাজ্যের ডিজি রাজীব কুমার (Rajeev Kumar)।
শুক্রবার ভবানী ভবন (Bhavani Bhawan) থেকে এই সংক্রান্ত ইস্যুতে জারি করা হয়েছে নির্দেশিকা। স্পষ্ট বলা হয়েছে, এর লক্ষ্য - তদন্ত থেকে প্রশাসনিক কাজ, পরিকল্পনা থেকে প্রশিক্ষণ, সব ক্ষেত্রেই প্রযুক্তিনির্ভর দক্ষতা বাড়ানো।
সূত্রের খবর, নতুন এআই সেলের নেতৃত্বে থাকবেন একজন অতিরিক্ত ডিজি। তিনি সেলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব সামলাবেন। তাঁর সঙ্গে থাকবেন আইজি, ডিআইজি বা এসপি পদমর্যাদার আধিকারিকরা। এঁরা সেলের নীতি রচনা, সমন্বয়, নথি ও কার্যক্রমের অগ্রগতি দেখবেন।
শুধু পুলিশি নেতৃত্ব নয়, প্রযুক্তিগত দিকেও আলাদা নজর দেওয়া হচ্ছে। সেলে থাকবেন দুই বিশেষজ্ঞ প্রযুক্তিবিদ, যারা এআই প্রয়োগ, মূল্যায়ন ও নীতিগত পরামর্শে সহায়তা করবেন। প্রয়োজন হলে আরও বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনাও রয়েছে।
এই সেল থাকবে রাজ্য পুলিশের সদর দফতর ভবানী ভবনেই। প্রশাসনিক নিয়ন্ত্রণে থাকবেন ডিজি রাজীব কুমার। প্রয়োজনীয় আর্থিক ও প্রশাসনিক সহায়তা দেবে রাজ্য। প্রতি দু’সপ্তাহ অন্তর বৈঠক হবে, সেখানেই এআই ব্যবহারের দিক-নির্দেশ, নীতি ও কৌশল স্থির হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে পৃথক নীতিমালাও তৈরি করবে সেল।
পুলিশ সূত্র জানাচ্ছে, রাজ্যের বিভিন্ন জেলায় ও বিভাগে এআই ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা গড়ে তুলতে এই সেল নিয়মিত প্রশিক্ষণের আয়োজন করবে। তদন্ত, অপরাধ প্রতিরোধ ও তথ্য বিশ্লেষণে ভবিষ্যতের প্রযুক্তিকেই সঙ্গী করতে চাইছে পুলিশ বাহিনী।
রাজ্যের নিরাপত্তা ব্যবস্থায় প্রযুক্তির আরও সুশৃঙ্খল প্রয়োগ, আধুনিকীকরণ ও দক্ষতা বৃদ্ধির পথে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলেই মত পুলিশ মহলের।