বাংলা ভাষার গর্বকে ঘিরে বিধানসভায় বিশেষ আলোচনার আবহ। কিন্তু সেই আলোচনায় যে শেষমেশ উত্তাল বিক্ষোভ আর নাটকীয় টানাটানির রূপ নেবে, তা কে জানত!

গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 4 September 2025 16:17
দ্য ওয়াল ব্যুরো: বাংলা ভাষার গর্বকে ঘিরে বিধানসভায় বিশেষ আলোচনার আবহ (West Bengal Assembly)। কিন্তু সেই আলোচনায় যে শেষমেশ উত্তাল বিক্ষোভ আর নাটকীয় টানাটানির রূপ নেবে, তা কে জানত! বৃহস্পতিবার বিধানসভার অভ্যন্তরে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে একে একে চার বিজেপি বিধায়ক—শঙ্কর ঘোষ (Sankar Ghosh), অগ্নিমিত্রা পাল (Agnimitra Pal), মিহির গোস্বামী (Mihir Goswami), অশোক দিন্দা (Ashoke Dinda) এবং বঙ্কিম ঘোষকে সাসপেন্ড ( Suspend) করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Speaker Biman Banerjee)।
মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) ভাষণের মাঝেই শুরু হয় শোরগোল। “আমাদের বলতে দেওয়া হল না কেন?”—প্রশ্ন তুলে সরব হন বিজেপি বিধায়করা। বিধানসভার মধ্যেই ওঠে স্লোগান, চলে টেবিল চাপড়ানি। হট্টগোলের মধ্যেই স্পিকারকে ঘিরে ধরেন বিক্ষুব্ধ বিধায়করা। স্পিকার একাধিকবার অনুরোধ করেন শান্ত থাকার জন্য। বলেন, “এটা তামাশার জায়গা নয়।” কিন্তু পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকে।
এরপরই প্রথমে সাসপেন্ড করা হয় শঙ্কর ঘোষকে। কিন্তু কক্ষ ছাড়তে নারাজ শঙ্করবাবু। মার্শাল তাঁকে বের করে আনতে গেলে শুরু হয় নাটকীয় টানাপোড়েন। পাশে দাঁড়ান অগ্নিমিত্রা পাল-সহ একাধিক বিজেপি বিধায়ক। শেষমেশ তাঁকে কক্ষ থেকে ‘চ্যাংদোলা’ করে বের করেন মার্শালরা।
পরবর্তীতে সাসপেন্ড হন অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী, অশোক দিন্দা, বঙ্কিম ঘোষ। তাতেও থামেনি বিজেপির প্রতিবাদ। বিধানসভায় রীতিমতো উত্তপ্ত আবহ। মুখ্যমন্ত্রী অবশ্য থামেননি। নিজের বক্তব্যে বিরোধীদের কটাক্ষ করে বলেন, “চিরকালই এদের কাজ ধ্বংসাত্মক। এরা বাংলা বিরোধী।”
বিরোধীদের উদ্দেশে হুঁশিয়ারির সুরে মুখ্যমন্ত্রী এও বলেন, “আপনারা যদি ফের ওয়েলে নেমে বিশৃঙ্খলা করেন, তাহলে আমি নিজে অধ্যক্ষকে বলব আপনাদের সাসপেন্ড করতে।”
অন্যদিকে বিজেপির পালটা অভিযোগ, “আমাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। স্পিকার পক্ষপাতদুষ্ট আচরণ করছেন।”
ফলে বাঙলা ভাষার মর্যাদা রক্ষার আলোচনা শেষমেশ পরিণত হল রাজনৈতিক বাগযুদ্ধে।